শেয়ারবাজারে বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার বড় ধরনের দরপতন ঘটেছে। এ নিয়ে টানা পাঁচ দিন দরপতনের ঘটনা ঘটল। শেয়ারের দাম কমার পাশাপাশি গতকাল লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারের কারসাজি নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা বা না করা নিয়ে বাজারে এক ধরনের অস্থিরতা কাজ করছে। এর প্রভাবে বাজার বিরূপ আচরণ করছে। আবার বড় বিনিয়োগকারীরা তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত বাজারে সক্রিয় না হওয়ায় এর প্রভাবও বাজারে রয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় বিনিয়োগকারীদের কর ফাঁকি তদন্ত করবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে না—এ ধরনের সংবাদ সাধারণ বিনিয়োগকারীদেরও আতঙ্কিত করে তুলছে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডিএসই সূত্রে জানা যায়, নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে ১৫ মিনিটের মাথায় সূচক ১৫ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক নিম্নগামী হতে থাকে, যা সারা দিনই অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ছয় হাজার ১৩২ দশমিক ৫৬ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৬৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১৭ হাজার ২৪০ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র নয়টির, কমেছে ১৮৮টি প্রতিষ্ঠানের দাম। আর মোট লেনদেন হয়েছে ৭৮ কোটি টাকার শেয়ার, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।ডিএসইতে গতকাল ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে বেড়েছে ২০টির, কমেছে ২৩০টির ও অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এদিন ৬১১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮০ কোটি টাকা কম।এদিকে শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার কারণে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন গতকাল স্থগিত করে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে আরও সতর্ক হতে বিনিয়োগকারীদের পরামর্শ দেওয়া হয়।