সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এই পতনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক নেমে এসেছে প্রায় সাড়ে পাঁচ হাজার পয়েন্টে। ঢাকার বাজারে গতকাল এক দিনেই সাধারণ সূচক কমেছে ২০৬ পয়েন্ট বা ৩ দশমিক ৬০ শতাংশ। ৮ মের পর এটাই ছিল ডিএসইতে সবচয়ে বড় দরপতন। ওই দিন ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছিল ২৮৮ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল এক দিনে ৫০১ পয়েন্ট বা ৩ দশমিক ১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজার ৪৩৮ পয়েন্টে।দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫ কোম্পানির মধ্যে ২৩৯টিরই দাম কমেছে। বেড়েছে কেবল ১৩টির আর অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ কোম্পানির মধ্যে ১৮৫টিরই দাম কমেছে। বেড়েছে কেবল সাতটির আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। শেয়ারবাজারে গতকালের দরপতনের জন্য বিনিয়োগকারীদের ‘আতঙ্ক’কে দায়ী করেছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। আসছে বাজেটে শেয়ারবাজারের ব্যক্তির মূলধনি মুনাফার ওপর করারোপ (ক্যাপিটাল গেইন ট্যাক্স) ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলতে আয়কর শনাক্তকরণ নম্বর (টিন) বাধ্যতামূলক করা হবে—এমন খবর বাজারে ছড়িয়ে পড়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি কয়েকটি বেসরকারি সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মূলধনি মুনাফার ওপর করারোপের ইঙ্গিত দেন। পাশাপাশি গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর কর্মকর্তাদের বৈঠকে বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়া ও মতিঝিলে ডিএসই ভবনের সামনের সড়কে সিসিটিভি বসানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসব খবর বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে, যার নেতিবাচক প্রভাব গতকাল লেনদেনের শুরু থেকে দেখা যায়। যোগাযোগ করা হলে ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘আমরা এরই মধ্যে অর্থমন্ত্রীকে জানিয়েছি যে বর্তমান পরিস্থিতিতে শেয়ারবাজারে নতুন করে কোনো ধরনের করারোপ করা ঠিক হবে না।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে আলোচিত বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়ার বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও জানান ডিএসইর প্রেসিডেন্ট। শাকিল রিজভী বলেন, ওই বৈঠকে পুলিশের পক্ষ থেকে এ ধরনের একটি প্রস্তাব করা হয়েছিল। এটি বাধ্যতামূলক কিছু না। যদি কোনো বিনিয়োগকারী আগ্রহ প্রকাশ করেন, তাহলে তিনি যে ব্রোকারেজ হাউসে লেনদেন করেন, সেই হাউস থেকে পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।ডিএসইর প্রেসিডেন্টের মতে, এমনিতেই বাজারে তারল্যসংকট রয়েছে। আবার ৩০ জুনের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরির বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে তাদের অনেকে শেয়ার বিক্রি করছে। এতে বাজারে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় তা দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।এদিকে ডিএসইতে গতকাল বড় দরপতন ঘটলেও লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটের মধ্যেই শত কোটি টাকা ছাড়িয়ে যায়। দিন শেষে ডিএসইতে ৪৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।লেনদেন বেড়েছে চট্টগ্রামের বাজারেও। সিএসইতে দিন শেষে ৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি। এমআই সিমেন্ট: অবশেষে গতকাল থেকে ডিএসইতে লেনদেন শুরু হয়েছে এমআই সিমেন্ট কোম্পানির শেয়ারের। দিনভর এটি সর্বনিম্ন ১৩০ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৪৫ টাকার মধ্যে লেনদেন হয়। লেনদেন শুরুর আগে ডিএসই ও এমআই সিমেন্ট কর্তৃপক্ষের মধ্যে তালিকাভুক্তিসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএসইর মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ মোহাম্মদউল্লাহ ও এমআই সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোক্তার হোসেন তালুকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।এ সময় অন্যান্যের মধ্যে এমআই সিমেন্টের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক খবিরউদ্দিন মোল্লা ও ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনেক টানাহেঁচড়ার পর গত বুধবার এসইসির নির্দেশনা অনুযায়ী ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়।