শেয়ারবাজারে ভয়াবহ ধস, আতঙ্কিত বিনিয়োগকারীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার ভয়াবহ দরপতনের ঘটনা ঘটেছে। এতে ডিএসইর ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি সূচকের পতন হয়। একই সঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে যায়। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসইর সামনের সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।ডিএসই সূত্রে জানা যায়, দরপতনের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬.৭২ শতাংশ বা ৫৫১ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৭৬৫৪ দশমিক ৪০ পয়েন্টে। এটি ঢাকার শেয়ারবাজারের ইতিহাসে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ পতন বলে বিশ্লেষকেরা জানান। এর আগে গত ৮ ডিসেম্বর সাধারণ সূচক ৫৪৭ পয়েন্ট নেমে যায়, যা দিন শেষে আবার কিছুটা ঘুরে দাঁড়ায়। এ ছাড়া ১২ ডিসেম্বরও ডিএসইতে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২৮৫ পয়েন্ট নেমে আসে। এর আগে ১৯৯৬ সালের ৬ নভেম্বর এক দিনে ২৩৩ পয়েন্ট কমে যায় ডিএসইর সাধারণ সূচক।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ডিএসইতে লেনদেন শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে সাধারণ সূচক ৩০০ পয়েন্টেরও বেশি নেমে যায়। দুপুর ১২টার দিকে সাধারণ সূচক ৩১১ পয়েন্ট কমে ৭৮৯৫-তে দাঁড়ায়। এতে আতঙ্কিত হয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা টায়ার জ্বালিয়ে ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা ডিএসই ও এসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। দুপুর একটার দিকে পুলিশ বিনিয়োগকারীদের ধাওয়া করে। এ সময় বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিনিয়োগকারীদের নিক্ষেপ করা ইটের আঘাতে সেখানে কর্তব্যরত কালের কণ্ঠের আলোকচিত্র সাংবাদিক খোরশেদ আলম আহত হন। একপর্যায়ে শাপলা চত্বরের কাছে একটি বাসও ভাঙচুর করেন ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। পরে দুপুর দুইটার দিকে পুলিশ ডিএসইর সামনের সড়কের নিয়ন্ত্রণ নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সাধারণ সূচকের পতনের সঙ্গে সঙ্গে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে যায় আজ। ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৩৬টির, বেড়েছে পাঁচটির এবং অপরিবর্তিত থাকে দুটির। ডিএসইতে আজ সর্বমোট লেনদেন হয়েছে এক হাজার ৪৮৬ কোটি টাকার।এদিকে আতঙ্কিত বিনিয়োগকারীরা শেয়ারবাজারের এই ধসকে পরিকল্পিত ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁরা অভিযোগ করেছেন, এক শ্রেণীর লোক কারসাজির মাধ্যমে এই দরপতনের ঘটনা ঘটিয়েছে। বিনিয়োগকারীরা জানান, এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত আর কারসাজির সঙ্গে জড়িত গ্যাম্বলাররাই লাভবান হবে।বিনিয়োগকারী শাহ নেওয়াজ, ফয়সাল, আতাই গাজী মাহবুব, ইব্রাহীম ঢালী ও হারুনুর রশিদ জানান, আজকের দরপতনে তাঁদের পোর্টফোলিও প্রায় অর্ধেকে নেমে এসেছে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন। এ ব্যাপারে তাঁরা সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপও কামনা করেছেন। বাজারের অস্থিরতা ঠেকাতে বিনিয়োগকাররা আলোচনা সাপেক্ষে বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে বলে জানান। তাঁরা আরও বলেন, শেয়ারবাজারে এ ধরনের দরপতনের ঘটনা অব্যাহত থাকলে তাঁদের মতো অনেক সাধারণ বিনিয়োগকারীকে পথে বসতে হবে।এসইসির সিদ্ধান্ত: শেয়ারবাজারে আজকের ভয়াবহ দরপতনের ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে খোদ নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির বাজার পর্যালোচনা কমিটি বাজার পরিস্থিতি নিয়ে দুবার বৈঠক করেছে। বিকেলে বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়া এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, কয়েক দিন ধরে শেয়ারবাজারে নিম্নগতি চলছিল। বাজারের স্বাভাবিক অবস্থা ধরে রাখতে আজ সকালে বাজার পর্যালোচনা কমিটির সভা হয়। সভায় ২৫ নভেম্বর জারি করা সদস্য মার্জিন আইন বাতিল করা হয়। তিনি আরও বলেন, ‘আমরা আশা করছিলাম এতে বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু বাজার স্বাভাবিক অবস্থায় না ফিরে বরং বড় ধরনের পতনের ঘটনা ঘটায় বিনিয়োগকারীদের স্বার্থে দ্বিতীয় দফা বাজার পর্যালোচনা কমিটির বৈঠক হয়। বৈঠকে এনএভি ফর্মুলার ওপর যে ঋণ সুবিধা চালু ছিল, তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। এর পাশাপাশি মার্জিন ঋণের হার ১:১ থেকে ১:১.৫ করার নতুন সিদ্ধান্ত হয়, যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।’এ ব্যাপারে ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, হঠাত্ করে বড় ধরনের দরপতনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। কলমানি রেট বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তারল্য সঙ্কটের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে শিগগির বাজার আবার ঘুরে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।