শেয়ারবাজারে ভয়াবহ ধস, সাধারণ সূচকের রেকর্ড পতন
সাধারণ সূচকের রেকর্ড পতন এবং অধিকাংশ শেয়ারের দাম কমার মধ্য দিয়ে শেষ হয়েছে আজ রোববারের ঢাকা শেয়ারবাজারের (ডিএসই) লেনদেন। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৫১ পয়েন্ট কমে দাঁড়ায় ৭,৬৫৪ পয়েন্টে। এটি ঢাকার শেয়ারবাজারের ইতিহাসে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ পতন বলে জানা গেছে।আজ বেলা ১১টার সময় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই সাধারণ সূচক ৩০০ পয়েন্টেরও অধিক কমে যায়। মাঝখানে এই পতনের হার ২৫০ থেকে ২৯০-এর মধ্যে থাকলেও দিন শেষে তা ৫০০ ছাড়িয়ে যায়। সাধারণ সূচকের পতন ৩০০-র ঘর অতিক্রম করার সঙ্গে সঙ্গেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। তাঁরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এ সময় ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিনিয়োগকারীরা এসইসির কর্মকর্তাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকেন। বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। একপর্যায়ে শাপলা চত্বরের কাছে একটি বাসও ভাঙচুর করেন বিনিয়োগকারীরা।আজ রোববার সাধারণ মূল্যসূচকের পতনের সঙ্গে সঙ্গে অধিকাংশ শেয়ারের দামও কমে যায়। ডিএসইতে আজ লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমে যায়। এর পাশাপাশি পাঁচটি প্রতিষ্ঠানের দাম বাড়ে। অপরিবর্তিত থাকে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ সর্বমোট লেনদেন হয়েছে এক হাজার ৪৮৬ কোটি টাকার।এদিকে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা শেয়ারবাজারের এই ধসকে পরিকল্পিত হিসেবে বর্ণনা করেছেন। তাঁরা এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।