শেয়ারবাজারে মাত্র ৮২ জন কালোটাকা সাদা করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২০১১-১২ অর্থবছরে মাত্র ৮২ জন করদাতা শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগ করেছেন। অর্থাৎ তাঁরা শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে কালোটাকা সাদা করেছেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। নিয়মিত করহারের অতিরিক্ত ১০ শতাংশ হারে জরিমানা অর্থদণ্ড দিয়ে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। আর যাঁরা এই সুযোগ নেবেন, তখন তাঁদের চলতি অর্থবছরের ১৫ জুলাইয়ের মধ্যে এনবিআরকে জানাতে বলা হয়েছিল। চলতি অর্থবছরও একই সুবিধা বহাল রয়েছে।এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছর শুধু শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমেই কালোটাকা সাদা করার সুযোগ ছিল। অর্থবছরজুড়ে ৮২ জন করদাতা ৩৮২ কোটি টাকা সাদা করেছেন। এতে এনবিআর রাজস্ব পেয়েছে ৩৮ কোটি টাকা। ঢাকঢোল পিটিয়ে শেয়ারবাজার চাঙা করার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দিলেও আশানুরূপ সাড়া পায়নি এনবিআর। জানা গেছে, বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) ১৭ জন করদাতা এই সুযোগ নিয়েছেন। আর কর অঞ্চল-২-এর ১৫ জন করদাতা কালোটাকা সাদা করেছেন। এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ঘোষণা দিয়ে কালোটাকা সাদা করার সুযোগে কখনো ব্যাপক সাড়া পাওয়া যায় না। কারণ, এ ধরনের সুযোগ নেওয়া সংশ্লিষ্ট করদাতাকে সুরক্ষা দেওয়ার বিধান নেই আয়কর আইনে। এতে কালোটাকা সাদা করায় উৎসাহ পান না সংশ্লিষ্ট ব্যক্তিরা। এনবিআর সূত্রে আরও জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে এক হাজার ৯২৩ জন ৯২২ কোটি কালোটাকা সাদা করেছেন। এর আগের বছর এই সুযোগ নিয়েছেন ১৪ হাজার ২৫৪ জন। আর কালোটাকা সাদা হয়েছে ৭৮৭ কোটি টাকা। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭-০৮ অর্থবছরে সর্বোচ্চ ১৬ হাজার ৬৬৪ জন কালোটাকা সাদা করার সুযোগ নিয়েছেন। সে বছর আট হাজার ৮৯৫ কোটি টাকা সাদা হয়েছে। স্বাধীনতার পর প্রতিটি সরকার এসেই কালোটাকা সাদা করার সুযোগ দিয়েছে। কিন্তু খুব একটা কাজ হয়নি, খুব বেশি কালোটাকা সাদা হয়নি। এ পর্যন্ত ১২ হাজার ৯৯৬ কোটি টাকা সাদা হয়েছে।