শেয়ারবাজারে মূল্য সংবেদনশীল তথ্যের অপব্যবহার মানি লন্ডারিং আইনে অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে পুঁজিবাজার-সম্পর্কিত মূল্য সংবেদনশীল তথ্য জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে তা কাজে লাগিয়ে শেয়ার লেনদেন করে সুবিধা নেওয়া ও ব্যক্তিগত সুবিধার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টাকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ হিসেবে দেখা হবে। অবশ্য অন্য আইনে ইতিমধ্যেই একে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। নতুন করে তা মানি লন্ডারিং আইনে যুক্ত করা হয়েছে। এ ধরনের কোনো অপরাধ সংঘটিত হলে প্রতিবেদন প্রদানকারী সংস্থাগুলোকে তা বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে জানাতে হবে।এদিকে নতুনভাবে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শেয়ারবাজারের স্টক ব্রোকার ও ডিলার, পোর্টফোলিও ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকার, সিকিউরিটিজ কাস্টডিয়ান, সম্পদ ব্যবস্থাপক, অলাভজনক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও প্রতিবেদন প্রদানকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।বাংলাদেশের মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড—ফাইন্যান্সিয়াল অ্যাকশনস টাস্কফোর্সের (এফএটিএফ) সুপারিশ বাস্তবায়নের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল সোমবার দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মানি চেঞ্জার, অর্থ প্রেরণকারী বা অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠান, স্টক ডিলার ও স্টক ব্রোকার, পোর্টফোলিও ম্যানেজার ও মার্চেন্ট ব্যাংকার, সিকিউরিটিজ কাস্টডিয়ান, সম্পদ ব্যবস্থাপক, অলাভজনক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার শীর্ষ নির্বাহীদের কাছে সার্কুলার দিয়ে এ তথ্য জানিয়ে দিয়েছে।এর আগে গত ৯ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মানি লন্ডারিং প্রতিরোধসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মানি লন্ডারিং-সংক্রান্ত ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিভিউ গ্রুপের (আইসিআরজি) কাছে বাংলাদেশের পরিস্থিতির ওপর প্রতিবেদন পাঠাতে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।উল্লেখ্য, এখন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মানি চেঞ্জার, অর্থ প্রেরণ ও স্থানান্তরকারী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে যেসব প্রতিষ্ঠান ব্যবসা করে, তাদের সন্দেহজনক লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগে পাঠাতে হয়। অর্থাৎ এত দিন শুধু এসব প্রতিষ্ঠান মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় প্রতিবেদন প্রদানকারী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত ছিল।প্রতিবেদন প্রদানকারী সংস্থাগুলোকে সন্দেহজনক লেনদেন অর্থাৎ এমন যদি হয় যে হঠাৎ কোনো ব্রোকারেজ হাউসে শেয়ার কিনতে বড় অঙ্কের টাকা কোনো গ্রাহক নিয়ে আসে, যে টাকার উৎস পরিষ্কার নয়, তাহলে তার তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।সূত্র জানায়, জাতীয় সমন্বয় কমিটির সভায় মানি লন্ডারিং-সম্পৃক্ত অপরাধের বর্তমান তালিকাও বাড়ানো হয়। নতুনভাবে এই অপরাধের মধ্যে যুক্ত হয়েছে—পুঁজিবাজার-সম্পর্কিত মূল্য সংবেদনশীল তথ্য জনসমক্ষে প্রকাশিত হওয়ার আগে তা কাজে লাগিয়ে শেয়ার লেনদেন করে সুবিধা নেওয়া ও ব্যক্তিগত সুবিধার লক্ষ্যে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা; সন্ত্রাস ও সন্ত্রাসী কাজে অর্থ জোগান; ভেজালভাবে বা স্বত্ব লঙ্ঘন করে পণ্য উৎপাদন; যৌন নিপীড়ন, পরিবেশগত অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ।