শেয়ারবাজারে মূল্যবৃদ্ধিতে প্রাধান্য আর্থিক খাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবারও তালিকাভুক্ত আর্থিক খাতের বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। আগের কার্যদিবসের মতো এদিনও মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রাধান্য ছিল এ খাতের।আর্থিক খাতের সব কোম্পানিকে দ্রুত মূলধন ঘাটতি পূরণ করতে হবে, এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহের শুরুতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। আর এই খবরে গত দুই কার্যদিবস ধরে আর্থিক খাতের বেশির ভাগ কোম্পানির দাম বাড়ছে।ঢাকার বাজারে এদিন লেনদেন হওয়া আর্থিক খাতের ২২টি কোম্পানির মধ্যে ১৪টিরই দাম বেড়েছে। ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টিই ছিল এই খাতের কোম্পানি। বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে আর্থিক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম ২ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। এর ফলে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় ২৫ শতাংশ। এদিন এ খাতের কোম্পানিগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৮ দশমিক ২৭ শতাংশ। দিন শেষে ঢাকার বাজারে খাতভিত্তিক লেনদেনে প্রাধান্য বিস্তার করেছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১৬ দশমিক ১৩ শতাংশ জুড়ে ছিল এ খাত। যদিও আগের কয়েক দিন ধরে লেনদেনে আধিপত্য ধরে রেখেছিল ব্যাংকিং খাত। গতকাল ব্যাংকিং খাতকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪ কোটি টাকা। আর ব্যাংকিং খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২৯ কোটি টাকা।আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল ডিএসইতে সাধারণ মূল্যসূচক বেড়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭৯ পয়েন্টে। বেড়েছে লেনদেনের পরিমাণও। দিন শেষে ডিএসইতে প্রায় ২১৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা বেশি। প্রতিটি শেয়ারের ৫ শতাংশ মূল্যবৃদ্ধির পাশাপাশি একক কোম্পানি হিসেবে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো। কয়েক দিন ধরে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭০৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।