শেয়ারবাজারে মূল্যসূচক নিম্নমুখী
দেশের শেয়ারবাজারে টানা দরপতন অব্যাহত রয়েছে। গতকাল সোমবার পঞ্চম দিনের মতো দরপতন হয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৪৬ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১৭৯ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার পয়েন্টের নিচে। এদিকে টানা দরপতনের প্রতিবাদে গতকাল রাজধানীর মতিঝিলের ডিএসই ভবনের সামনের সড়কে আবার বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। দুপুরের পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ঢাকার বাজারে সোমবার ২৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০০টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৩৫টির আর দাম অপরিবর্তিত ছিল ২৩টির। দিন শেষে ডিএসইতে প্রায় ১৮৪ কোটি টাকা লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে গতকাল ১৭৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫১টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১১টির আর দাম অপরিবর্তিত ছিল ১১টির। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।