শেয়ারবাজারে লেনদেন হাজার কোটি টাকার বেশি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে রোববার শেয়ারের সম্মিলিত লেনদেনের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পরদিন গতকাল সোমবার তা এক হাজার কোটি টাকারও বেশি কমে গেছে।গতকাল দুই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৪৯৮ কোটি টাকা, যা আগের দিন রোববার ছিল তিন হাজার ৫০৮ কোটি টাকারও কিছু বেশি।প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট লেনদেন হয়েছে দুই হাজার ২৭০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার, যা রোববারের তিন হাজার ২০৮ কোটি ৯১ লাখ টাকার চেয়ে ৯৩৮ কোটি টাকা কম। অন্যদিকে সিএসইতে এদিন মোট ২২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৯৯ কোটি টাকার চেয়ে প্রায় ৭১ কোটি টাকা কম।গতকাল সোমবারও তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ব্যাংকের শেয়ারের দাম বাড়ার ধারা অব্যাহত ছিল। এ ছাড়া মিউচুয়াল ফান্ডগুলোর দামেও কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে।বাজারে লেনদেন কমার কারণ হিসেবে বিশ্লেষকেরা বলছেন, সরকারি মালিকানাধীন আটটি কোম্পানির আরও শেয়ার আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুঁজিবাজারে ছেড়ে দেওয়া হবে বলে অর্থমন্ত্রী রোববার যে ঘোষণা দেন, তার প্রভাব পড়ে গতকাল বাজারে। তাঁদের মতে, বিনিয়োগকারীদের ধারণা, এসব শেয়ার বাজারে এলে সরবরাহ বাড়বে এবং সব ধরনের শেয়ারের দামই কিছুটা কমতে পারে। এ জন্য তাঁরা আগে থেকেই টাকার জোগাড় করে রাখছেন, যা বাজারে লেনদেন কমাতে সহায়তা করেছে।বাজার-পরিস্থিতি: ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল ৯ পয়েন্টের কিছু বেশি কমে ৭ হাজার ৯৪৭ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে আগের চেয়ে শেয়ার দর বেড়েছে ১২১টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির।আর সিএসইর সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ৪৮ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৭২১ পয়েন্টে উন্নীত হয়েছে। এদিন সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে শেয়ারের দর বেড়েছে ৭৭টির, কমেছে ১০৬টির ও অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির।এসইসির পরামর্শ কমিটির সভা: এদিকে পুঁজিবাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) পরামর্শ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পরামর্শক কমিটি। একই সঙ্গে আইপিও এবং বুক বিল্ডিং প্রক্রিয়ায় অংশ নিতে গিয়ে গ্রাহকেরা যে ভোগান্তির মুখে পড়েন, তা লাঘবের লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত এ ব্যাপারে সুপারিশ করতে বলা হয়েছে।গতকাল সোমবার পরামর্শক কমিটির এক সভায় এসইসিকে এই পরামর্শ দেওয়া হয়। সভা শেষে কমিটির আহ্বায়ক ও এসইসির সদস্য মনসুর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।মনসুর আলম বলেন, নতুন কোনো কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও বুক বিল্ডিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সতীপতি মৈত্র, সিএসইর সিইও মো. আবদুল্লাহ মামুন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খান ও সিডিবিএলের চেয়ারম্যান এম এইচ সামাদ। বর্তমানে এই প্রক্রিয়া সম্পন্ন করতে ৪৫ থেকে ৫৫ দিন সময়ের প্রয়োজন হয়।মনসুর আলম আরও জানান, ব্রোকারেজ হাউসগুলোকে আন্ডার রাইটারের ভূমিকা পালন করার ব্যাপারে ক্ষমতা দিতে এসইসিকে সুপারিশ করেছে পরামর্শক কমিটি। এর আগে ব্রোকারেজ হাউসগুলোর আন্ডার রাইটারের ভূমিকা পালনের ক্ষমতা ছিল। কিন্তু পরে তা বাতিল করা হয়।