শেয়ারবাজারে লেনদেন হয়নি, ব্যাংকের ছুটি হয়েছে বিলম্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার অর্ধদিবস সরকারি ছুটি ঘোষণার কারণে শেয়ারবাজারে লেনদেন হয়নি। সাধারণ ছুটি ঘোষণাসংক্রান্ত সরকারি সিদ্ধান্তের পরপরই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে লেনদেন বন্ধের সিদ্ধান্ত নেয়। এর আগে গত বুধবার দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রপতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য বৃহস্পতিবার এক ঘণ্টা বিলম্বে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হবে। কিন্তু লেনদেন শুরুর আগে সরকারি ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত হয়ে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়। তাৎক্ষণিকভাবে দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সেই খবর প্রচার করা হয়। এদিকে দুপুর ১২টা থেকে সরকারি ছুটি ঘোষণা করা হলেও ব্যাংক ছুটি হয় দুপুর দুইটায়। কারণ, সরকারি সিদ্ধান্ত ঘোষণার পর দুপুর দুইটা থেকে ব্যাংক বন্ধের নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এর আগে এই ছুটির খবরকে কেন্দ্র করে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। সরকারি ছুটির খবর যখন আসে, তখন দিনের লেনদেন চলছিল। ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিতিও ছিল প্রচুর। তাই ব্যাংক বন্ধের সিদ্ধান্ত গ্রহণে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার অপেক্ষায় থাকতে হয়।