শেয়ারবাজারে লেনদেনে বড় ধরনের উল্লম্ফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দেশের শেয়ারবাজারে কিছুটা দরপতন হলেও তার পরদিনই অর্থাৎ গতকাল মঙ্গলবার বাজারে লেনদেনে বড় ধরনের উল্লম্ফন হয়েছে।
নতুন সরকার আসার পর দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসতে পারে—এমনটি আশা করছেন বিনিয়োগকারীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলেও মনে করছেন তাঁরা। এর সাময়িক প্রভাব বাজারে পড়ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৬ কোটি ১২ লাখ টাকা, যা আগের দিন সোমবারের তুলনায় ১৪০ কোটি টাকা বেশি। সোমবার মোট ৩১৫ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে গতকাল মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। দিন শেষে ডিএসইর প্রশস্ত সূচক দাঁড়িয়েছে চার হাজার ৩৩০ দশমিক ৬৩ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে দশমিক ৭৯ শতাংশ বা ৩৪ পয়েন্ট বেশি।
ঢাকার বাজারে গতকাল ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টির দাম বেড়েছে,
কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক মূল্যসূচক ১১৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৪২৮ পয়েন্ট।
সিএসইতে গতকাল মঙ্গলবার ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। সোমবার এই বাজারে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইর নির্বাচন: দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তার আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পরিচালক নির্বাচন।
ডিএসইর পর্ষদ সভায় গতকাল এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুল প্রথম আলোকে বলেন, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় হোটেল ওয়েস্টিনের বলরুমে ডিএসইর এজিএম অনুষ্ঠিত হবে। এর আগে ১২ ফেব্রুয়ারি ডিএসইর স্টেকহোল্ডারদের মধ্য থেকে চারজন পরিচালক নির্বাচিত করা হবে। আজ বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’
ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ) আইন অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে এজিএম ও নির্বাচন অনুষ্ঠানে বাধ্যবাধকতা রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি এজিএমের তারিখ নির্ধারণ করা হয়েছে। এজিএমের রেকর্ড ডেট ১৫ জানুয়ারি।
প্রসঙ্গত, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জে মোট ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে সাতজন থাকবেন স্বতন্ত্র পরিচালক। বাকি ছয়জনের মধ্যে চারজন স্টেকহোল্ডার, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একজন স্ট্র্যাটেজিক পরিচালক।