শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেন কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পর সর্বোচ্চ লেনদেন হয়েছে। তার পরও প্রথম দিন লেনদেন কম হওয়ায় সপ্তাহটির দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। আবার শবে বরাতের ছুটির কারণে শেয়ার কেনাবেচা এক দিন কম হওয়ায় স্বাভাবিক নিয়মেই কমেছে মোট লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ছয় হাজার ২০৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে এক হাজার ৬০১ কোটি টাকা বা ২০ দশমিক ৫০ শতাংশ কম। আর গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে এক হাজার ৫৫২ কোটি টাকার। আগের সপ্তাহের চেয়ে যা ১০ কোটি টাকার মতো কম। আগের সপ্তাহের শেষ দিনে বাজার সম্পর্কে অর্থমন্ত্রীর নেতিবাচক মন্তব্যে বিনিয়োগকারীরা দ্বিধায় পড়েছিলেন। এর প্রভাব পড়ে গত সপ্তাহের শুরুতে। কিন্তু পরের দিনগুলোতে তা স্থায়ী হয়নি। বাজার বিশ্লেষকেরা বলছেন, যেহেতু বাজারে সূচক ও লেনদেন বাড়ছে, সেহেতু প্রয়োজন শেয়ারের সরবরাহ বাড়ানো। তা না হলে সরবরাহ ঘাটতির কারণে আবারও বাজার অতিমূল্যায়িত হয়ে ধস ডেকে আনতে পারে।বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারে আরও ভালো কোম্পানির শেয়ারের সরবরাহ না বাড়ায় বিনিয়োগকারীরা আবারও দুর্বল মৌলভিত্তির কোম্পানির দিকেই ঝুঁকছেন। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে সাধারণ সূচক ও সব শেয়ারের মূল্যসূচক (ডিএসআই) বাড়লেও তুলনামূলক ভালো মৌলভিত্তির কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-২০ সূচক কমেছে।বাজার পরিস্থিতি: লেনদেন কমলেও গত সপ্তাহে শেয়ারের মূল্যসূচক বেড়েছে। ছয় হাজার ৫৭৮ পয়েন্ট সূচক নিয়ে শুরু হওয়া সপ্তাহটি শেষ হয় ছয় হাজার ৬৬১ পয়েন্ট সূচক নিয়ে। অর্থাৎ, এ সময়ে সূচক বেড়েছে ৮২ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ। এর ফলে বাজার মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ১২ হাজার কোটি টাকা। আর ভারিত্ব গড়ের ভিত্তিতে বাজারের মূল্য-আয় অনুপাত (পিই) বেড়ে হয়েছে ১৮ দশমিক ৩৭।