শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
তিন দিনের টানা দরপতনের পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে। লেনদেনের অধিকাংশ সময় ধরে পতনের পর শেষ সময়ে গিয়ে মূল্যসূচকের এই নাটকীয় পরিবর্তন ঘটে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক দিন শেষে প্রায় ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৬৫ পয়েন্টে। যদিও এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ২২৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২২০ পয়েন্টে।দিন শেষে দুই বাজারে লেনদেন হওয়া শেয়ারের দাম বাড়লেও লেনদেনের প্রথম ঘণ্টায় বড় ধরনের দরপতন ঘটে। এ সময় মতিঝিলের ডিএসই ভবনসহ আশপাশের ভবনের ব্রোকারেজ হাউসে উপস্থিত কিছু বিনিয়োগকারী হট্টগোল শুরু করেন। তাঁরা ভবনের ওপর থেকে জানালা ও বারান্দা দিয়ে কাঠের টুকরো, পানির বোতল ও ঝাড়ু ছুড়তে থাকেন। তবে সড়কে কোনো বিক্ষোভ ছিল না। পরিস্থিতি মোকাবিলায় সকাল থেকেই ডিএসই ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। জানা গেছে, গতকাল লেনদেন শুরুর একপর্যায়ে ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৪০০ পয়েন্টের নিচে নেমে এলে নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী আবারও সক্রিয় হতে শুরু করেন। তাঁদের মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় শ্রেণীর বিনিয়োগকারীই ছিলেন। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিনের টানা দরপতনে বাজার অনেক নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের কেউ কেউ হয়তো শেয়ার কেনায় আগ্রহী হয়েছেন। বর্তমানে বাজারে যে লেনদেন হচ্ছে, তাতে দু-চারটি প্রতিষ্ঠান বিনিয়োগ শুরু করলে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।’ আবু আহমেদের মতে, প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার কিনবে না। তার পরও শেয়ারবাজারে কোম্পানির দাম একে অন্যের সঙ্গে সম্পর্কিত। যখন প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু শেয়ার কেনা শুরু করে এবং এর প্রভাবে ওই সব শেয়ারের দাম বাড়তে থাকে, তখন অন্যান্য শেয়ারের দামও বাড়ে। এটা শেয়ারবাজারের নিয়ম। আবার লেনদেনের শেষ ঘণ্টায় গিয়ে গতকাল বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার (সিআরআর) ও বিধিবদ্ধ জমার হার (এসএলআর) কমাচ্ছে। এতেই দ্রুত মূল্যসূচক বাড়তে থাকে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গত মঙ্গলবারের সিআরআর কমানোর খবরটি ভিত্তি করে বাংলাদেশে এ গুজব ছড়ানো হয়। গতকাল দিন শেষে মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকার বাজারে। গতকাল ডিএসইতে ২৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেশি। এদিন ঢাকার বাজারে মোট ২৬২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১১টিরই দাম বেড়েছে, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল সাতটি কোম্পানির শেয়ারের দাম।চট্টগ্রামের বাজারে গতকাল ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টিরই দাম বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে এদিন ৩৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি।