শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৯ দিনের ব্যবধানে দেশের শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ আবারও সব রেকর্ডকে ছাড়িয়ে গেল। শুধু লেনদেন নয়, গতকাল মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচক ও বাজার মূলধনের ক্ষেত্রেও হয়েছে নতুন রেকর্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মোট লেনদেন হয়েছে দুই হাজার ৮৩৬ কোটি টাকার শেয়ার। স্টক এক্সচেঞ্জটির ইতিহাসে এখন পর্যন্ত এটিই এক দিনে সর্বোচ্চ লেনদেন। এর আগে ৭ অক্টোবর ডিএসইতে দুই হাজার ৮০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ২৮৪ কোটি টাকা। এতে দুই স্টক এক্সচেঞ্জের সম্মিলিত লেনদেনের পরিমাণ তিন হাজার ১২০ কোটি টাকা অতিক্রম করেছে। এর আগে দুই স্টক এক্সচেঞ্জে সম্মিলিতভাবে সর্বোচ্চ লেনদেনের পরিমাণ ছিল তিন হাজার কোটি টাকার কিছু বেশি। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল প্রায় ৭৬ পয়েন্ট বেড়ে সাত হাজার ৮১৭ পয়েন্ট হয়েছে। এর আগে এই পর্যায়ে ডিএসইর সাধারণ সূচক কখনো ওঠেনি। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ১৬০ পয়েন্ট বেড়ে হয়েছে ২২ হাজার ৪৫৬। এটিও সিএসইর ইতিহাসের সর্বোচ্চ সূচকের নজির। বাজার বিশ্লেষকেরা বলছেন, অতিরিক্ত তারল্যপ্রবাহের কারণে কয়েক মাস ধরে বাজার এমনিতেই বাড়ছিল। এর ওপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গত রোববারের বক্তব্য নতুন করে জোয়ার সৃষ্টি করেছে।অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) বৈঠকে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজারে তেজিভাব থাকলেও অতিমূল্যায়িত নয়।বিশ্লেষকেরা বলেন, যখন বাজার-সংশ্লিষ্ট সব পক্ষই মনে করে বাজারে তালিকাভুক্ত বেশির কোম্পানির শেয়ারই অতিমূল্যায়িত, তখন অর্থমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগে উৎসাহিত করেছে। আর এ প্রভাবেই লেনদেন বেড়েছে।অনেকে আবার মনে করেন, বাজারে শেয়ারের সরবরাহ বাড়াতে সরকার বেশ আন্তরিক। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি আমলে নিয়েছেন। এ কারণে অনেকে মনে করেন, বাজারে বড় ধরনের সংশোধনে যাওয়ার আগেই সরবরাহ চলে আসবে। ফলে বাজার নিয়ে যেই ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে, তা আর থাকবে না। বিনিয়োগকারীদের এ ধরনের ভাবনাও বাজারকে আরও ঊর্ধ্বমুখী করে তুলছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশিত শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) প্রবৃদ্ধি তুলনামূলক ভালো। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ছে। তবে বাজারে সরবরাহ যতই বাড়ুক, অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ করলে ঝুঁকি থেকেই যাবে। তাই ঝুঁকি এড়াতে অতিমূল্যায়িত শেয়ারে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বাজার পরিস্থিতি: দুই স্টক এক্সচেঞ্জেই গতকাল লেনদেনের প্রথম থেকে সূচক বাড়তে শুরু করে। শেষ মুহূর্ত পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। মূলত ব্যাংক, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও বিদ্যুৎ-জ্বালানি খাতের ওপর ভর করেই সূচক বেড়েছে। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১৩২টির, কমেছে ১০৩টির ও অপরিবর্তিত ছিল আটটি কোম্পানির দাম। সিএসইতে লেনদেন হয়েছে ১৯৩টি কোম্পানির শেয়ার। দাম বেড়েছে ১০২টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির শেয়ার।দেশবন্ধু পলিমারের চাঁদা গ্রহণ: দেশবন্ধু পলিমার লিমিটেডের প্রাথমিক শেয়ারের (আইপিও) বিপরীতে চাঁদা গ্রহণ বা সাবস্ক্রিপশন চলছে। ২৪ অক্টোবর থেকে চাঁদা গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় বিনিয়োগকারীরা কাল বৃহস্পতিবার পর্যন্ত চাঁদা জমা দিতে পারবেন। তবে অনাবাসী বাংলাদেশিদের চাঁদা নেওয়া হবে ৬ নভেম্বর পর্যন্ত। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে।