শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বয় প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হলে ঢাকা ও চট্টগ্রাম দুই পুঁজিবাজার-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সমন্বয় এবং কাজের দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে সার্ভিলেন্স বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। এ জন্য কমপ্লায়েন্স ও সার্ভিলেন্সসহ প্রতিটি বিভাগের লোকজনের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ গতকাল শনিবার ‘ইমপ্রুভমেন্ট অব ক্যাপিটাল মার্কেটস গভর্নেন্স প্রজেক্ট’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেন।কর্মশালাটির উদ্বোধন করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য মোহাম্মদ হেলাল উদ্দীন নিজামী।সিএসইর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসইর সহসভাপতি তারেক কামাল, পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ হোসাইন। কর্মশালাটি পরিচালনা করছেন এসইসি ও ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কমিশনের (আইএসসি) পরামর্শক স্টেলা ট্যাং ও ওয়ালিউল মারুফ মতিন।