শেয়ারবাজারে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন
দেশের শেয়ারবাজারে গতকাল রোববার ১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতনের ঘটনা ঘটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ২০৫ পয়েন্ট বা ৩ দশমিক ১৯ শতাংশ। ১৯৯৬ সালে শেয়ারবাজারে ধসের পর এক দিনে এত বেশি সূচক পতনের ঘটনা এটাই প্রথম। ’৯৬ সালের ৫ নভেম্বর সর্বোচ্চ ২৩৩ পয়েন্ট বা ৬ শতাংশের বেশি সূচক কমেছিল। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বাজারে তারল্যপ্রবাহ কমাতে ব্রোকারেজ হাউসের জন্য যে ঋণের সীমা বেঁধে দিয়েছিল, তা শিথিল করেছে। মার্চেন্ট ব্যাংকের মতো ব্রোকারেজ হাউসগুলোর জন্যও সর্বোচ্চ ঋণসীমা ১০ কোটি টাকা করা হয়েছে। এর আগে গত বুধবার জারি করা এক আদেশে ব্রোকারেজ হাউসের একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ঋণসীমা পাঁচ কোটি টাকা করা হয়েছিল। এ ছাড়া ইতিমধ্যে যেসব বিনিয়োগকারীর ঋণের পরিমাণ নতুন করে বেঁধে দেওয়া সীমা অতিক্রম করেছে, তাঁদের তা সমন্বয়ের মেয়াদ ৩১ আগস্টের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এসইসির এ ধরনের ঘন ঘন নীতি পরিবর্তনই বাজার অস্থিতিশীল হওয়ার মূল কারণ। গত ৮ জুলাই সংস্থাটি বাজারে তারল্যপ্রবাহ কমাতে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের গ্রাহকদের ঋণের অনুপাত ১:১.৫ থেকে ১:১ অনুপাতে নামিয়ে আনে। এর মাত্র ছয় দিনের মাথায় বড় বড় মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের শীর্ষ ৫০ জন গ্রাহকের লেনদেনের তথ্য চেয়ে পাঠায়। বিনিয়োগকারীদের মধ্যে এ নিয়ে সৃষ্ট আতঙ্ক কাটতে না কাটতেই গত বুধবার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের গ্রাহকদের ঋণের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়, গতকাল থেকেই যা কার্যকর হয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, গতকালের দরপতনের পেছনে এ নির্দেশনাটির বড় ভূমিকা রয়েছে। কারণ যেসব বিনিয়োগকারীর নির্ধারিত সীমার বাইরে ঋণ রয়েছে, তাঁদের অনেকেই এদিন শেয়ার বিক্রি করেছেন। এ ছাড়া যেসব ব্যাংকের নির্ধারিত সীমার বাইরে শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কঠোর অবস্থানের খবরটিও বাজারের দরপতনকে ত্বরান্বিত করেছে। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, বাজার কিছুটা অতিমূল্যায়িত হয়ে পড়েছিল। এ অবস্থায় মূল্য সংশোধন প্রত্যাশিত ছিল। কিন্তু যেভাবে অস্থায়ী প্রক্রিয়ায় বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, তা ক্ষতিকর। বাজারকে স্থিতিশীল রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বাজার পরিস্থিতি নিয়ে গতকাল ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি শাকিল রিজভী বলেন, যদি দু-চারজন ব্যক্তি ঋণ নিয়ে শেয়ারের দাম বাড়ায় তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। সে ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের চাহিদার কারণে দাম বাড়লে শেয়ারের সরবরাহ বাড়ানো ছাড়া চলবে না। তাই সরকারের উচিত, সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার দ্রুত বাজারে ছাড়া।শাকিল রিজভী বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে বুঝে-শুনে বিনিয়োগ করার পরামর্শ দেন। তবে সাধারণ বিনিয়োগকারীরা এসইসির সাম্প্রতিক সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাঁরা মনে করেন, এসইসি সব সময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের কথা বলে বাজারে হস্তক্ষেপ করলেও এর ফলে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী লাভবান হয়েছেন বলে কেউ জানে না। মোহাম্মদ সবুজ নামের একজন ক্ষুদ্র বিনিয়োগকারী প্রথম আলোয় টেলিফোন করে বলেন, ‘পাঁচ কোটি টাকার বেশি ঋণ থাকার কারণে আজ (রোববার) যেসব বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে বাধ্য হয়েছেন, তাঁদের লোকসানের দায়দায়িত্ব কি এসইসি নেবে?’ বাজার পরিস্থিতি: দেশের দুই স্টক এক্সচেঞ্জেই গতকাল সকাল থেকে মূল্যসূচক কমতে শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত বড় ধরনের পতনের মধ্য দিয়ে দিনের লেনদেনের সমাপ্তি ঘটে। লেনদেন চলাকালীন বিভিন্ন ব্রোকারেজ হাউস ঘুরে দীর্ঘদিন পর এমন পতন দেখে বিনিয়োগকারীরা হতবিহ্বল হয়ে পড়েন। অন্য সময় এ ধরনের বাজার পতনে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এলেও গতকাল সেটাও করেননি। ডিএসইতে গতকাল সাধারণ মূল্যসূচক ২০৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে ছয় হাজার ২০০ পয়েন্টে নেমে আসে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৬৭ পয়েন্ট কমে নেমে এসেছে ১৮ হাজার ৪৫৭ পয়েন্টে। উভয় স্টক এক্সচেঞ্জেই গতকাল লেনদেন কমেছে।