শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
দেশের শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বগুড়ার বিনিয়োগকারীরা।শেয়ার মার্কেট ইনভেস্টর ফোরাম নামের একটি সংগঠন গতকাল রোববার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শেয়ার মার্কেট ইনভেস্টর ফোরাম, বগুড়ার আহ্বায়ক আরিফ রেহমান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মুনছুর আল মোছাদ্দেক, জাহাঙ্গীর আলম প্রমুখ।এতে বলা হয়, একটি চক্র পরিকল্পিতভাবে শেয়ারবাজারে ভয়াবহ ধস নামিয়ে সাধারণ বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের কারণে দেশের লাখ লাখ বিনিয়োগকারী পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এ অবস্থা থেকে বিনিয়োগকারীরা উত্তরণ চান। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেই নিশ্চয়তা চান।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১০ সালের ডিসেম্বর মাস থেকে একটি চক্র শেয়ারবাজারকে অস্থিতিশীল করে তুলেছে। তারা দফায় দফায় শেয়ারের ভয়াবহ দরপতন ঘটায়। এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি মাত্র পাঁচ মিনিটের মাথায় মূল্যসূচক ৬০০ পয়েন্ট কমিয়ে দরপতনের রেকর্ড সৃষ্টি করে।সংবাদ সম্মেলনে বলা হয়, নিরপেক্ষ অর্থনীতিবিদদের দিয়ে শেয়ারবাজারে পরিকল্পিত ধসের ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে হবে।