শেয়ারবাজারের তদন্ত কমিটিতে যুক্ত হলেন নিহাদ কবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সাম্প্রতিক অস্বাভাবিক উত্থান-পতনের ঘটনা তদন্তে গঠিত কমিটিতে গতকাল মঙ্গলবার আরও একজন নতুন সদস্যকে যুক্ত করা হয়েছে। নবনিযুক্ত সদস্য হলেন বিশিষ্ট আইনজীবী নিহাদ কবীর। তাঁকে নিয়ে কমিটির সদস্য সংখ্যা দাঁড়াল চার। এর আগে গত ২৬ জানুয়ারি কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুজন সদস্য হলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশর (আইসিএবি) সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল বারী। যোগাযোগ করা হলে ইব্রাহীম খালেদ প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটিতে একজন অভিজ্ঞ আইনজীবী দরকার ছিল। বিষয়টি অর্থমন্ত্রীকে জানানো হলে তিনি দ্রুততার সঙ্গে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেন। তিনি আরও বলেন, নিহাদ কবীর কোম্পানি আইনের ওপর অভিজ্ঞ একজন আইনজীবী। কমিটির সঙ্গে তাঁর যুক্ত হওয়া তদন্ত কাজকে ত্বরান্বিত করবে। ইব্রাহীম খালেদ বলেন, ‘এক মাস আগে গঠিত এ কমিটির কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা এখন “রুটিন ওয়ার্ক” করছি। পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছি।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া যাবে। এর আগে গতকাল দুপুরে তদন্ত কমিটি সরেজমিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কার্যক্রম পরিদর্শন করেন। এ ব্যাপারে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, ডিএসইতে কীভাবে কার্যক্রম পরিচালনা হয়, তদন্ত কমিটি তা পর্যবেক্ষণ করেছে।