শেয়ারবাজারের তিন কোম্পানির জরিমানা
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ জরিমানা করা হয়।
যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, সেগুলো হলো ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, সাউথ এশিয়া সিকিউরিটিজ এবং এ এ রসায়ন শিল্প লিমিটেড। এদের মধ্যে প্রথম দুটি স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস এবং শেষেরটি তালিকাভুক্ত না হওয়া একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
বিএসইসি জানিয়েছে, টানা তিন বছর নিজস্ব ডিলার হিসাবে কোনো লেনদেন না করে, প্রতিষ্ঠানটির পরিচালকদের ঋণসুবিধা দিয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি। এ কারণে প্রতিষ্ঠানটিকে এককভাবে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান সাউথ এশিয়া সিকিউরিটিজ ঋণবহির্ভূত শেয়ারে ঋণসুবিধা এবং ঋণচুক্তি ছাড়া গ্রাহককে ঋণসুবিধা দিয়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে এককভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর বাইরে ফরিদপুরের বিসিক শিল্পনগরে অবস্থিত এ রসায়ন শিল্প প্রতিষ্ঠানটি বিএসইসির অনুমোদন ছাড়া কয়েক দফায় মূলধন বৃদ্ধি বা পুঁজি উত্তোলন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুই দফা বিএসইসির পূর্ব অনুমোদন ছাড়াই মূলধন সংগ্রহ করে। যদিও মূলধন সংগ্রহের পর সেটির অনুমোদনের জন্য কমিশনে আবেদন করা হয়। কিন্তু পূর্ব অনুমোদন ছাড়া মূলধন সংগ্রহ করে কোম্পানিটি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।