শেয়ারবাজার-সংক্রান্ত আরও একটি মামলার রায়ে অভিযুক্ত দুই আসামিকে খালাস দিয়েছেন পুঁজিবাজারবিষয়ক মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের বিচারক হুমায়ূন কবির এ রায় ঘোষণা করেন।
মামলার প্রধান আসামি নবীউল্লাহ নবী মারা যাওয়ায় ও অপর আসামি সাত্তারুজ্জামান শামিমের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় উভয়কে খালাস দেওয়া হয়। গতকালের এ রায়টি ছিল শেয়ারবাজার-সংশ্লিষ্ট মামলায় ট্রাইব্যুনালের চতুর্থ রায়। এর আগে তিনটি মামলার রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালে নিযুক্ত রাষ্ট্রপক্ষের মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অবৈধ প্লেসমেন্ট শেয়ার বিক্রির মামলায় এক আসামি মারা যাওয়ায় তাঁকে খালাস দেওয়া হয়েছে। অপর আসামি সাত্তারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁকেও খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আদালত বলেন, মৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা চলে না। এ মামলার প্রধান আসামি নবীউল্লাহ নবী তাঁর মালিকানাধীন গ্রিন বাংলা কমিউনিকেশনের মাধ্যমে অবৈধভাবে প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেন। পরে বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চায়। বিএসইসির অভিযোগের ভিত্তিতে ২০১০ সালের ১৫ জুলাই র্যাবের একটি দল রামপুরায় গ্রিন বাংলা কমিউনিকেশনের কার্যালয়ে অভিযান চালিয়ে নবীউল্লাহ নবী ও সাত্তারুজ্জামানকে আটক করে। সে সময় বিএসইসির পক্ষ থেকে আটক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। চলতি বছরের জুনে কার্যক্রম শুরুর পর মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে যায়। মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল বিচারক রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়, আটকের পরপরই প্রাথমিক স্বীকারোক্তিতে নবীউল্লাহ অবৈধ প্লেসমেন্ট ব্যবসার কথা স্বীকার করেন। নিয়ম অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক শেয়ার লেনদেন করতে পারে না। কিন্তু সেই কাজটিই করে গ্রিন বাংলা কমিউনিকেশন। নবীউল্লাহ নবীর অবৈধ অভিনব এই ব্যবসায় বিপুল বিনিয়োগ করেন রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিষ্ঠিত ব্যক্তিরাও। আটক অবস্থায় ২০১৩ সালের জুনে নবীউল্লাহ নবী মারা যান।
মামলার নথি থেকে জানা গেছে, ১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অবৈধ প্লেসমেন্ট বিক্রি করে নবীউল্লাহর প্রতিষ্ঠান গ্রিন বাংলা। যেসব প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ডের অবৈধ প্লেসমেন্ট বিক্রি করা হয়, সেগুলোর মধ্যে ছিল গ্রামীণফোন, আরএকে সিরামিকস, ম্যাকসন্স স্পিনিং মিলস, ফনিক্স ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড, এসিআই বন্ড ইত্যাদি।
’৯৬ সালের অপর মামলার রায় ৮ নভেম্বর: এদিকে, ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় দায়ের হওয়া চিটাগাং সিমেন্ট অ্যান্ড ক্লিংকার কোম্পানি (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) সংক্রান্ত আলোচিত মামলাটির রায় আগামী ৮ নভেম্বর ঘোষণা করা হবে। গতকাল মঙ্গলবার আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনালের বিচারক রায়ের এই তারিখ ঘোষণা করেন।
এ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান টি কে গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আবু তৈয়ব, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক শহিদুল হক বুলবুল। গতকাল রকিবুর রহমান ও শহিদুল হক বুলবুলের উপস্থিতিতেই উভয় পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন।
আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একপর্যায়ে রকিবুর রহমান নিজে বক্তব্য দিতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বিচারক এ বিষয়ে আইনজীবীদের পরামর্শ নেন। আইনজীবীরা আদালতকে বলেন, সরাসরি অভিযুক্তের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তখন আদালত বলেন, অভিযুক্তের কিছু বলার থাকলে তা আইনজীবীর মাধ্যমে বলতে হবে। এরপর রকিবুর রহমান তাঁর আইনজীবী মহসিন রশীদের মাধ্যমে তাঁর বক্তব্য তুলে ধরেন, যেখানে তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।