শেয়ারবাজারের সূচক ইতিবাচক, লেনদেন কমেছে অনেকটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ-মার্জিন কমিয়ে এক টাকার বিপরীতে এক টাকা কার্যকর হওয়ার পর দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে গত রোববার। গতকাল সোমবার সকালে একই প্রবণতা থাকলেও দিনশেষে সূচক কিছুটা ইতিবাচক হয়। এ দিন বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ অনেক কম হয়েছে।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক গতকাল দিনশেষে নয় পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৩১৩। তবে স্টক এক্সচেঞ্জ সূত্রগুলো বলছে, সূচক কিছুটা স্থিতিশীল হলেও লেনদেন অনেকটা কমে গেছে। গতকাল লেনদেন হয়েছে এক হাজার ১৬৯ কোটি টাকার। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ হাজার ৮০০ কোটি টাকা। গড়ে প্রতিদিন দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয় বিগত সপ্তাহে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হওয়া ২৫০টি শেয়ারের মধ্যে ১২৬টির দাম বাড়ে, ১১৫টির কমে এবং নয়টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে বেশির ভাগই ছিল ‘এ’ ক্যাটাগরির। এ বিভাগের লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৮২টির দাম বেড়েছে, কমে ৬৯টির। লেনদেনের শীর্ষ তালিকায় তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ার, ন্যাশনাল ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, এবি ব্যাংক উল্লেখযোগ্য। দাম বাড়ার ক্ষেত্রে শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় রয়েছে এইমস ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, ইউনাইটেড এয়ার, মডার্ন ডাইং, আলফা টোব্যাকো, কাশেম সিল্ক, আজিজ পাইপস, মিথুন নিট, ইউএলসি, বিওসি ও ইমাম বাটন।