শেয়ারবাজারের হাল ফেরাতে দরকার সমন্বিত পদক্ষেপ
শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটে দেখা যাচ্ছে। এই দরপতন দীর্ঘস্থায়ী হওয়ায় আস্থার সংকটও দিন দিন প্রকট হচ্ছে। এই সংকট কাটাতে এখনই সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। অন্যথায়, দিন দিন পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা বাজার বিমুখ পয়ে পড়বেন বলে আশঙ্কা রয়েছে। এ থেকে উদ্ধারের জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজন বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন।গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ারবাজারে বড় ধরনের ধসের ঘটনা ঘটে। ১০ মাস পরও দরপতনের এই ধারা অব্যাহত রয়েছে বাজারে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণে বারবার এই দরপতন হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিলেও তাতে আস্থার সংকট কাটেনি। তাই বাজারে আস্থা ফিরিয়ে আনতে আরও অনেক প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, অব্যাহত দরপতনের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলো বর্তমানে বাজার থেকে দূরে অবস্থান করছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরাও বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। আবার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অনেকে বিনিয়োগে আসতে পারছেন না। পুঁজি হারিয়ে অনেকে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। এ অবস্থায় বাজারে ধরে রাখতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগ করলে লাভবান হতে পারবেন কি না, তা নিয়ে বড় ধরনের সংশয়ের মধ্যে রয়েছেন। তাই তাঁরা বাজারের ওপর কিছুতেই বিশ্বাস রাখতে পারছেন না। আর এখান থেকেই আস্থার সংকট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, কেনা-বেচার মধ্য দিয়ে বাজারে লেনদেন বাড়লে বোঝা যাবে, বাজারে আস্থা ফিরতে শুরু করেছে। এ ছাড়া বাজার ভালো হলে ভালো মৌল ভিত্তির কোম্পানির শেয়ারের দাম বাড়লে এবং খারাপ হলে তুলনামূলক খারাপ মৌল ভিত্তির কোম্পানির শেয়ারের দাম কমলে বোঝা যাবে বাজার ভালোর দিকে যাচ্ছে। এর বিপরীত বাজারের জন্য খারাপ লক্ষণ বহন করবে। তবে ধারাবাহিকভাবে বাজার বাড়বে বা ধারাবাহিকভাবে বাজার কমবে, এটা ভুল ধারণা বলে তিনি মন্তব্য করেন।আহসানুল ইসলাম বলেন, বর্তমানে বাজারে খুবই কঠিন অবস্থা বিরাজ করছে। এ অবস্থার উত্তরণ করতে হলে নতুন ভালো কোম্পানি বাজারে নিয়ে আসা দরকার। একই সঙ্গে নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণও বাড়ানো প্রয়োজন।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদের মতে, আস্থা ও তারল্যসংকটের কারণে শেয়ারবাজারে অব্যাহতভাবে দরপতনের ঘটনা ঘটছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পরে ব্যবস্থা নিলে তাতে আর কোনো কাজ হবে না।ফখর উদ্দিন বলেন, ‘সম্প্রতি আমরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সফর করেছি। সিএসইর সদস্যদের সঙ্গে বাজারের সার্বিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি। আমরা তাঁদের মতামত নিয়েছি। সেখান থেকে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। সুপারিশগুলো বাস্তবায়িত হলে সংকট অনেকাংশে কেটে যাবে।’জানা গেছে, এসব সুপারিশের মধ্যে আছে, জেড গ্রুপের শেয়ারের লেনদেন নিষ্পত্তি হওয়ার সময় টি+৯ থেকে কমিয়ে টি+৩ করা, সব শেয়ারের ক্ষেত্রে ক্যাশ নিটিং পুরোপুরি উন্মুক্ত করা, সেটেলমেন্ট সাইকেল সহজতর করা, মার্চেন্ট ব্যাংকগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করছে কি না, তা নজরে রাখা, প্রয়োজনে নতুন মার্চেন্ট ব্যাংক খোলার অনুমতি দেওয়া, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর বিনিয়োগের ক্ষেত্রে বাধা দূর করা এবং স্বচ্ছতা আনা, মিউচুয়াল ফান্ডগুলোর বিনিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা দূর করা ও শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় টি+২ দ্রুত বাস্তবায়ন করা। এসব পদক্ষেপ নেওয়া হলে বাজারে অর্থপ্রবাহ বাড়বে বলে মনে করেন সিএসইর এই নেতা। এমনকি এতে বাজারে স্থিতিশীলতা আসবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে।এ ছাড়া ব্রোকারেজ হাউসের আরও শাখা খোলা যেতে পারে বলে মনে করেন ফখর উদ্দিন। বিনিয়োগকারীরা যেন সেখান থেকে বিনিয়োগ সম্পর্কে যথাযথ জ্ঞানার্জন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।এ ব্যাপারে বাজার বিশেষজ্ঞ ও ইউনাইটেড ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনোমিকস বিভাগের অধ্যাপক মোহাম্মাদ মুসা বলেন, বারবার দরপতনে বিনিয়োগকারীরা দোদুল্যমান অবস্থায় রয়েছেন। বিনিয়োগ করে লাভবান হতে পারবেন কি না, তা নিয়ে তাঁরা সংশয়ের মধ্যে রয়েছেন। নিয়ন্ত্রণকারী সংস্থা ও বড় খেলোয়াড়দের কাজের ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকায় সমস্যা হচ্ছে। বিনিয়োগকারীরা যখন নিশ্চিত হবেন যে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন না, তখনই তাঁরা বিনিয়োগে এগিয়ে আসবেন।বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তাঁদের ক্রয়ক্ষমতা বাড়ানোর ব্যাপারে মত দিয়েছেন এই বিশেষজ্ঞ। এ ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলো যাতে প্রয়োজনীয় ঋণ দিতে পারে, বাংলাদেশ ব্যাংককে সেই উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। সব মিলিয়ে সব পক্ষের সমন্বিত পদক্ষেপ শেয়ারবাজারের এই ক্রান্তিকাল থেকে ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন অধ্যাপক মুসা।