শেয়ারহোল্ডারদের তোপের মুখে সিটি ব্যাংকের এজিএম স্থগিত
সিটি ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে শেয়ারহোল্ডারদের তোপের মুখে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) পণ্ড হয়ে গেছে।আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংকটির এজিএম হওয়ার কথা ছিল। কিন্তু অব্যবস্থাপনার কারণে সকালে শেয়ারহোল্ডাররা সেখানে ভাঙচুর চালালে সকালেই কর্তৃপক্ষ এজিএম স্থগিত করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আজ দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিটি ব্যাংক লিমিটেডের এজিএম হওয়ার কথা ছিল। সকাল থেকেই শেয়ারহোল্ডাররা সেখানে আসতে শুরু করেন।ব্যাংকের পক্ষ থেকে সেখানে স্বল্পসংখ্যক অভ্যর্থনা বুথ করায় দীর্ঘ সময় ধরে শেয়ারহোল্ডারদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় শেয়ারহোল্ডারদের সঙ্গে সেখানে উপস্থিত ব্যাংকের কর্মকর্তাদের কথাকাটাকাটি হয়।একপর্যায়ে কিছু বিনিয়োগকারী ক্ষুব্ধ হয়ে সম্মেলন কেন্দ্রের প্রধান ফটকের গ্লাস ভাঙচুর করেন। পরে সেখানে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শেয়ারহোল্ডারদের লাঠিপেটা করে। এতে অন্তত ছয়জন শেয়ারহোল্ডার আহত হন। এর মধ্যে অলক নামের এক শেয়ারহোল্ডারকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জজামান জানান, বিনিয়োগকারীদের তুলনায় বুথসংখ্যা কম ছিল। একটি গ্রুপ হট্টগোল লাগিয়ে সম্মেলন কেন্দ্রের প্রধান ফটকের গ্লাস ভাঙচুর করে। এ সময় গ্লাসের টুকরা লেগে একজন আহত হন।সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. ইমতিয়াজ এজিএম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।