শেয়ারে বিনিয়োগের বিপরীতে ঋণসুবিধা আরও কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারে বিনিয়োগের বিপরীতে ঋণসুবিধা আবারও কমানো হয়েছে। বিনিয়োগকারীরা এত দিন যে হারে ঋণ পেতেন, আজ সোমবার থেকে তার অর্ধেক পাবেন। এ ছাড়া নতুন বিনিয়োগকারীদের ঋণ দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো এখন থেকে তাদের নতুন গ্রাহকদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার ৩০ কার্যদিবসের মধ্যে কোনো ধরনের ঋণসুবিধা দিতে পারবে না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাজার পর্যালোচনা কমিটির সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে এসইসি ঋণসুবিধা কমাতে পারে বলে বাজারে যে গুঞ্জন ছিল, তা-ই শেষ পর্যন্ত সত্য হলো। ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ঋণ বন্ধ করতে এসইসিকে পরামর্শ দিয়েছিল। এর পরই বাজারে ঋণ কমানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে।পর্যালোচনা কমিটির সভায় বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের সতর্কীকরণ কর্মসূচি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর অংশ হিসেবে এখন থেকে বিভিন্ন সময় প্রকাশিত এসইসির সতর্কীকরণ বিজ্ঞপ্তি দুই স্টক এক্সচেঞ্জের ট্রেড সার্ভার ও ওয়েবসাইটের স্ক্রলে প্রকাশ করতে বলা হবে। এসব সতর্কীকরণ বিজ্ঞপ্তি যাতে সহজেই বিনিয়োগকারীদের চোখে পড়ে, সে জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসইসি। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সাংবাদিকদের বলেন, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বাজার পর্যালোচনা কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটি মনে করে, সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে নগদ অর্থের প্রবাহ আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। এর সঙ্গে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর দেওয়া ঋণসুবিধা যুক্ত হওয়ায় তারল্যপ্রবাহ দ্বিগুণ হারে বাড়ছে। কিন্তু সেই অনুযায়ী শেয়ারের সরবরাহ না বাড়ায় তালিকাভুক্ত বিদ্যমান শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। ফলে বাজার দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ কারণেই তারল্যপ্রবাহ কমাতে ঋণসুবিধা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি। সিদ্ধান্তটি কেবল নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফরহাদ আহমেদ বলেন, বাজারে মূল্য সংশোধন শুরু হলে নতুন বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ পরিস্থিতিতে ঋণ নিয়ে বিনিয়োগ করলে তাঁদের ঝুঁকির মাত্রা আরও বাড়বে। তাই বাজার সম্পর্কে ন্যূনতম ধারণা তৈরি হওয়ার আগেই এসব বিনিয়োগকারী যাতে ঋণ নিয়ে বিনিয়োগ করতে না পারেন, সেটি নিশ্চিত করতেই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ থেকেই এসব সিদ্ধান্ত কার্যকর হবে।বর্তমানে শেয়ারের বাজারমূল্যের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির প্রকৃত সম্পদমূল্য (এনএভি) যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফল পাওয়া যায়, তার সমানুপাতিক (১:১) হারে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো ঋণ দিতে পারে। অর্থাৎ, কোনো শেয়ারের বাজারমূল্য এক হাজার টাকা ও এনএভি ৪০০ টাকা হলে শেয়ারটির ভিত্তিমূল্য ধরা হয় ৭০০ টাকা। এ হিসাবে শেয়ারটির মূল্য যতই হোক ঋণসুবিধা পাওয়া যেত ভিত্তিমূল্যের সমপরিমাণ। কিন্তু এখন ঋণের হার ১: ০.৫-এ নামিয়ে আনায় এ ক্ষেত্রে ৩৫০ টাকার বেশি ঋণসুবিধা পাওয়া যাবে না। যোগাযোগ করা হলে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসি বাজার নিয়ন্ত্রণ করার জন্য ঋণসুবিধা কমাতেই পারে। তবে এতে কতটুকু কাজ হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। কারণ ১:২ থেকে ঋণ কমতে কমতে আজকের পর্যায়ে এসেছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নতুন সিদ্ধান্ত কতটুকু কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।গোলাম কিবরিয়া নামের একজন বিনিয়োগকারী বলেন, বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই-তৃতীয়াংশ কোম্পানি ঋণসুবিধা পায় না। তার পরও কয়েক মাস ধরে এসব কোম্পানির শেয়ারের দামই বেশি বেড়েছে। এসইসির সিদ্ধান্ত ঋণসুুবিধা-বহির্ভূত দুর্বল মৌলভিত্তির কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের উৎসাহ আরও বাড়াবে। কারণ বারবার ঋণসুবিধা পরিবর্তনের ফলে ভালো মৌলভিত্তির (ঋণসুবিধা রয়েছে) কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশ্ন তোলেন, ‘সরকার যখন রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই ঋণসুবিধা কমানোর সিদ্ধান্ত কার স্বার্থে নেওয়া হচ্ছে?’ রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর শেয়ার কম দামে বিশেষ কাউকে পাইয়ে দিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। বাজার পরিস্থিতি: ঈদের ছুটির পর শেয়ারবাজারে গতকাল ছিল প্রথম লেনদেন। প্রথম দিনই দুই স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্যসূচক ও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সাধারণ মূল্যসূচক ঈদের আগের শেষ কার্যদিবসের চেয়ে প্রায় ১৫৫ পয়েন্ট বেড়ে আট হাজার ৫৯৮ পয়েন্টে গিয়ে পৌঁছেছে। এটি ডিএসইর সর্বোচ্চ সূচকের নতুন মাইলফলক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ৩৯২ পয়েন্ট বেড়ে হয়েছে ২৪ হাজার ৩৩৫ পয়েন্ট। স্টক এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছে ২৭৭ কোটি টাকার শেয়ার। আর ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৮২৪ কোটি টাকা।