অবশেষে আইনি ভিত্তি পেল পুঁজিবাজারের ‘গবেষণা সেবা’। অর্থাৎ এই সেবার আওতায় সরাসরি তালিকাভুক্ত কোম্পানি ও খাতভিত্তিক পর্যালোচনা ও বাজার দর সম্পর্কে মতামত প্রকাশ করা যাবে। কেবল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সনদধারী বিশেষজ্ঞরা এই পরামর্শ দিতে পারবেন।গত সপ্তাহে বিএসইসির সভায় এ-সংক্রান্ত বিধি অনুমোদন করা হয়েছে। নতুন এই বিধির নামকরণ করা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালাইসিস) বিধি-২০১৩। এত দিন তালিকাভুক্ত কোনো কোম্পানি বা খাতের শেয়ারমূল্যকে প্রভাবিত করে এমন মতামত বা তথ্য প্রকাশের ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা ছিল। বিধি অনুযায়ী, পাঁচ ধরনের প্রতিষ্ঠান এই আইনের আওতায় গবেষণা সেবা দেওয়ার যোগ্য বিবেচিত হবে। সেগুলো হচ্ছে, মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকার বা স্টক ডিলার, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, বিনিয়োগ উপদেষ্টা প্রতিষ্ঠান ও স্বতন্ত্র গবেষণাপ্রতিষ্ঠান। এ ধরনের সেবার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের সর্বনিম্ন তিন সদস্যের গবেষণা দল থাকতে হবে। বিএসইসি অনুমোদিত বিধিতে, উপদেশক হিসেবে সনদের জন্য আবেদনকারীদের যোগ্যতা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সিএফএ, সিপিএ, সিএ, সিএমএ, সিএস, এমবিএ, এমবিএম, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা উপদেশক হিসেবে সনদ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সনদধারীরাও যোগ্য বলে বিবেচিত হবেন। প্রাতিষ্ঠানিক যোগ্যতার পাশাপাশি প্রত্যেক আবেদনকারীর শেয়ারবাজার ও আর্থিক বাজারে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান গবেষণা সেবার সঙ্গে যুক্ত থাকবে, ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের চাকরিজীবী বা তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের বেলায় শেয়ার লেনদেনে কিছু শর্ত আরোপ করা হয়েছে বিধিতে। বলা হয়েছে, গবেষণা প্রতিবেদন তৈরির ৩০ দিন আগে থেকে এবং প্রতিবেদন প্রকাশের পর পাঁচ দিন শেয়ার লেনদেন করতে পারবে না। যেসব শেয়ারের ওপর গবেষণা প্রতিবেদন তৈরি করা হবে, সেসব শেয়ার লেনদেনে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাজারসংশ্লিষ্ট একাধিক মার্চেন্ট ব্যাংকের (যাদের আলাদা গবেষণা সেল রয়েছে) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো কোম্পানি ও খাতভিত্তিক নানা তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণের মাধ্যমে ওই খাত ও শেয়ারের যৌক্তিক বা অন্তর্নিহিত মূল্য তুলে ধরায় এই ধরনের সেবার মূল উদ্দেশ্য। এর মাধ্যমে বিনিয়োগকারীরা কোম্পানি ও খাতভিত্তিক অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। পরবর্তীকালে যা তাঁদের বিনিয়োগে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে। আইডিএলসি ইনভেস্টমেন্টেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘উন্নত দেশগুলোতে এই ধরনের সেবাকে মূল্য সংযোজন সেবা হিসেবে বিবেচনা করা হয়। আমাদের দেশে এই ধরনের সেবা বিনা মূল্যে নাকি বাণিজ্যিকভাবে বিতরণ করা হবে, সেটি নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো নিজেরা নির্ধারণ করবে। বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অনেক দিন ধরেই আমরা এ ধরনের সেবা চালুর দাবি জানিয়ে আসছিলাম।’