পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি ও চিটাগাং ভেজিটেবল অয়েল লিমিটেডের শেয়ারের দাম মাত্রাতিরিক্ত বাড়ার কারণ খতিয়ে দেখতে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সংবাদে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে।এসইসি জানিয়েছে, ২০০৯ সালে বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ারের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে যায়। এর পেছনে কোনো কারসাজি ছিল কি না, তা পুনরায় খতিয়ে দেখতেই দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা হলেন পরিচালক মনসুর রহমান ও সহকারী পরিচালক ইকবাল হোসেন।আবার ২০১০ সালে চিটাগাং ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর কারণ বের করতেও এসইসির পরিচালক আবুল কালাম ও সহকারী পরিচালক ফখরুল ইসলাম মজুমদারের সমন্বয়ে গঠন করা হয়েছে অপর কমিটি।উভয় কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। পুঁজিবাজারের সাম্প্রতিক ধসের পর সরকার-গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কারসাজির নমুনা হিসেবে এ দুটি কোম্পানির কেস স্টাডি তুলে ধরা হয়। একই সঙ্গে সুপারিশ করা হয় কোম্পানি দুটির দাম বাড়ার ঘটনাপ্রবাহ অধিকতর তদন্তের। জানা গেছে, এরই ধারাবাহিকতায় এসইসি কোম্পানি দুটির দাম বাড়ার কারণ অধিকতর তদন্তের উদ্যোগ নিয়েছে।২০০৮ সালের জানুয়ারি মাসেও বিচ হ্যাচারির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন দর ছিল তিন টাকা ৭০ পয়সা। ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত সেই দাম বাড়তে বাড়তে পৌঁছায় সর্বোচ্চ ১১৯ টাকা ১০ পয়সায়। অর্থাৎ তিন বছরে প্রতিটি শেয়ারের দাম বাড়ে প্রায় ৩২ গুণ। এ সময়ে কোম্পানিটির বাজার মূলধন মাত্র সাত কোটি পাঁচ লাখ ৮০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়ায় ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা। নানা কারসাজির মাধ্যমে দাম বাড়ার এই চমক দেখায় মৎস্য খাতের এ কোম্পানিটি। কখনো কোম্পানির ব্যবসা সম্প্রসারণের মিথ্যা ঘোষণা দিয়ে উদ্যোক্তারা নিজেই, কখনো ঋণসুবিধা-বহির্ভূত এই কোম্পানির শেয়ার কিনতে গ্রাহকদের মোটা অঙ্কের ঋণসুবিধা দিয়ে ঋণদাতা কিছু প্রতিষ্ঠান, আবার কখনো একদল বিনিয়োগকারী সংঘবদ্ধ হয়ে কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়াতে ভূমিকা রেখেছেন। পুঁজিবাজার তদন্ত কমিটি ও ডিএসইর নিজস্ব তদন্তে কোম্পানিটির শেয়ারের মূল্য বৃদ্ধি সম্পর্কে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।অন্যদিকে ২০১০ সালের জানুয়ারি মাসেও চিটাগাং ভেজিটেবলের শেয়ারমূল্য ছিল কমবেশি ১০০ টাকা। মার্চ মাস থেকে এটি বাড়তে থাকে। অক্টোবর মাস থেকে শেয়ারের দাম বাড়ার রেখচিত্রটি খাড়াভাবে বাড়তে দেখা যায়। চলতি বছরের ৬ জানুয়ারি যা বেড়ে ছয় হাজার ৫০০ টাকায় পৌঁছায়।এ তথ্য উল্লেখ করে পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষণীয় যে পুঁজিবাজারে এ সময় সাধারণ ধস নামলেও ওই দিন চিটাগাং ভেজিটেবলের মূল্যবৃদ্ধি অব্যাহত ছিল। অথচ ২০০৯ সালে কোম্পানির ব্যবসা বন্ধ ছিল এবং কোম্পানিটি ২০০৮ ও ২০০৯ সালে ক্রমাগত বড় অঙ্কের লোকসান দিয়েছিল।