বুকবিল্ডিং পদ্ধতির সংশোধিত নীতিমালা অনুমোদন
শেয়ারের নির্দেশক দাম নির্ধারণে কোনো সীমা থাকছে না
বুকবিল্ডিং পদ্ধতির সংশোধিত নীতিমালায় নির্দেশক মূল্য নির্ধারণে কোনো সীমা থাকছে না। আগের মতোই এটি বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কোনো কোম্পানির শেয়ারের নির্দেশক মূল্য গ্রহণযোগ্য মনে না হলে প্রয়োজনে তা পুনর্মূল্যায়ন বা বাতিল করা যাবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল মঙ্গলবার এ নীতিমালার আলোকে সংশোধিত বুকবিল্ডিং পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।এর আগে পুনর্গঠিত কমিশন নির্দেশক মূল্যের সীমা বেঁধে দিয়ে বুকবিল্ডিং পদ্ধতির খসড়া নীতিমালা প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, এই পদ্ধতিতে তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানির নির্দেশক মূল্য নির্ধারণের সময় মূল্য-আয় (পিই) অনুপাত এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে কোম্পানির পিই ১৫ অথবা এনএভির তিন গুণ—এই দুয়ের মধ্যে যেটি কম, নির্দেশক মূল্য তার বেশি হতে পারবে না। আবার এর পরিমাণ শেয়ারপ্রতি এনএভির কমও প্রস্তাব করা যাবে না। এ ক্ষেত্রে পিই গণনা করতে হবে কোম্পানির পূর্ববর্তী তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উল্লিখিত শেয়ারপ্রতি আয় বা ইপিএসের ভারিত্ব গড়ের ভিত্তিতে। কিন্তু শেষ পর্যন্ত বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের তীব্র বিরোধিতার মুখে এসব বাধ্যবাধকতা না রেখেই অনুমোদন করা হলো নতুন এই নীতিমালা।কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানিয়েছেন, বাজারসংশ্লিষ্ট সব পক্ষের মতামত, জনমত জরিপ ও আন্তর্জাতিক মান পর্যালোচনা করে বুকবিল্ডিং পদ্ধতিতে নির্দেশক মূল্যের সীমা বেঁধে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দ দেওয়া শেয়ার চার মাস বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আগে এর মেয়াদ ছিল ছয় মাস। নির্দেশক মূল্য সমর্থনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হয়েছে। বলা হয়েছে, ন্যূনতম ছয়টি খাতের ২০টি প্রতিষ্ঠানকে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। প্রতিটি খাতের কমপক্ষে তিনটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নতুন করে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পাঁচ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবে না। নতুন নীতিমালায় বলা হয়েছে, নির্দেশক মূল্য নির্ধারণের জন্য রোড শো আয়োজনের জন্য ১০ দিনের নোটিশ দিয়ে কমপক্ষে পাঁচটি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। রোড শোর পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে নির্দেশক মূল্য ঠিক করে তা এসইসিতে জমা দিতে বলা হয়েছে। বিশ্বব্যাপী প্রাথমিক শেয়ারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণের জন্য বুকবিল্ডিং পদ্ধতিকে সর্বাধুনিক উপায় হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু উদ্যোক্তার অপব্যবহারে পদ্ধতিটি শুরুতেই সমালোচনার মুখে পড়ে। এ কারণে গত ২০ জানুয়ারি সরকার বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত করে তা সংশোধনের জন্য এসইসিকে নির্দেশ দেয়।