শেয়ারের মূল্য নির্ধারণে নিলাম প্রক্রিয়া তিন সপ্তাহের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণের নতুন ব্যবস্থা বুকবিল্ডিং পদ্ধতি কাজে লাগিয়ে পুঁজিবাজারে আসার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। আগামী তিন সপ্তাহের মধ্যে অনুমোদিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে দরপত্রের মাধ্যমে শেয়ারের মূল্য নির্ধারণের কাজ শুরু করবে সিরামিকস খাতে দেশের শীর্ষস্থানীয় এ কোম্পানিটি।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ইতিমধ্যে কোম্পানিটিকে শেয়ারের মূল্য নির্ধারণ কাজ শুরু করার অনুমোদন দিয়েছে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কাছে শেয়ার বিক্রির বিষয়টি এসইসি অনুমোদন করার ন্যূনতম ২৫ দিনের মধ্যে বাকি শেয়ারগুলো প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি প্রক্রিয়া শুরু হবে।রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক প্রক্ষেপণ সভায় গতকাল শনিবার এসব তথ্য জানানো হয়। কোম্পানির সম্পর্কে সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরতেই এ সভার আয়োজন করে আরএকে সিরামিকস কর্তৃপক্ষ। বাজারে এলে এটিই হবে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজারে আসা প্রথম কোম্পানি।সভায় কোম্পানির মূল উদ্যোক্তা আরব আমিরাতভিত্তিক আরএকে সিরামিকস পিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান খাতের মাসাদ কোম্পানির বিভিন্ন দিক ও ভবিষ্যত্ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান ও আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এস কে একরামুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির প্রধান ইস্যু ব্যবস্থাপক আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান ও যুগ্ম ইস্যু ব্যবস্থাপক ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম আইপিওর প্রক্রিয়া এবং নির্দেশনামূলক (ইন্ডিকেটিভ) মূল্য নির্ধারণের যৌক্তিকতা উপস্থাপন করেন।কোম্পানি পরিচিতি: আরএকে সিরামিকস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হলেও বাণিজ্যিক উত্পাদন শুরু ২০০০ সাল থেকে। এই নয় বছরে কোম্পানিটি টাইলস ও সিরামিকস টেবিলওয়্যার প্রস্তুতকারী হিসেবে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮৫ কোটি টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের ১৮ কোটি ৫৫ লাখ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখে সমাপ্ত বছরের হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে এপিএস ছিল এক টাকা ৫৪ পয়সার মতো। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য বা এনএভি দেখানো হয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা।প্রক্ষেপণ সভায় জানানো হয়, আইপিওর মাধ্যমে আরএকে সিরামিকস তিন কোটি ৪৫ লাখ শেয়ার বিক্রি করবে। এর মধ্যে ২০ ভাগ বা ৬৯ লাখ শেয়ার বরাদ্দ রাখা হবে মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য।যেভাবে দর নির্ধারণ হবে: বুকবিল্ডিং পদ্ধতির নিয়ম অনুযায়ী এর মধ্যেই আরএকে সিরামিকসের শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। তিন শ্রেণীর সাতটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান এ মূল্য অনুমোদন করেছে।এখন এ নির্দেশক মূল্যকে ভিত্তি ধরে দরপত্রের মাধ্যমে শেয়ারের চূড়ান্ত মূল্য নির্ধারণের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আহ্বান করবে কোম্পানিটি। দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এ দরপত্র কার্যক্রম পরিচালনা করা হবে।তবে নিলামে বা দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই নির্দেশক মূল্যের ২০ শতাংশের কম বা বেশি প্রস্তাব করতে পারবে না। অর্থাত্ আরএকে সিরামিকসের শেয়ার কেনার জন্য তাদের সর্বনিম্ন ৩২ টাকা থেকে সর্বোচ্চ ৪৮ টাকার মধ্যে দর প্রস্তাব করতে হবে।এ প্রক্রিয়ায় দরপত্রে অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রস্তাবিত বিভিন্ন মূল্য ও সংখ্যার ভারিত্ব গড় করে তাদের জন্য বরাদ্দকৃত শেয়ারের বিক্রয় মূল্য নির্ধারিত হবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রস্তাবিত সবচেয়ে কম মূল্যই (যেখানে তাদের জন্য নির্ধারিত পরিমাণ শেয়ার বিক্রি শেষ হবে) হবে আইপিওর জন্য বরাদ্দকৃত শেয়ারের প্রস্তাবিত মূল্য। ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রচলিত আইপিও পদ্ধতির মতোই আবেদনের মাধ্যমে এ শেয়ার কিনতে পারবে।সভায় জানানো হয়, শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ কোম্পানির দীর্ঘ মেয়াদি ঋণ পরিশোধ এবং উত্পাদন কার্যক্রম সম্প্রসারণে কাজে লাগানো হবে।