পুঁজিবাজারে নতুন নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণের সীমা বেঁধে দেওয়ার বিরোধিতা করেছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, এটি বাজারের ওপরই ছেড়ে দেওয়া উচিত। পাশাপাশি তাঁরা এই পদ্ধতির খসড়া প্রস্তাবনার বেশ কয়েকটি সংশোধনীর সঙ্গে ভিন্ন মত পোষণ করেছেন। গতকাল বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব মতামত তুলে ধরেন। এসব মতামতের ভিত্তিতে আগামী বৈঠকে কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে এসইসি জানিয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় অংশগ্রহণকারীদের বেশির ভাগই এই পদ্ধতিতে শেয়ারের মূল্যসীমা বেঁধে দেওয়ার বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, যদি আগে থেকেই শেয়ারের দাম নির্ধারণের সীমা বেঁধে দেওয়া হয়, তাহলে তা নতুন কোম্পানি বাজারে আসতে নিরুৎসাহিত হবে।এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এএএমসি) প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এ সময় তাঁরা তাঁদের বিভিন্ন মতামতের পক্ষে যুক্তি তুলে ধরেন।এসইসি তাদের প্রস্তাবনায় বলেছিল, বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসতে ইচ্ছুক কোম্পানির শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণের জন্য শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে পিই ১৫ অথবা এনএভির তিন গুণ—এ দুইয়ের মধ্যে যেটি কম, নির্দেশক মূল্য তার বেশি হতে পারবে না।আবার এর পরিমাণ শেয়ারপ্রতি এনএভির কমও প্রস্তাব করা যাবে না। এ ক্ষেত্রে পিই গণনা করতে হবে কোম্পানির পূর্ববর্তী তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উল্লিখিত শেয়ারপ্রতি আয় বা ইপিএসের ভারিত্ব গড়ের ভিত্তিতে।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা-জোগানের ভিত্তিতে শেয়ারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণের উপায় হিসেবেই বুক বিল্ডিং পদ্ধতি চালু করা হয়েছিল। কিন্তু এসইসির নতুন প্রস্তাবটি সেই ধারণার পরিপন্থী। প্রস্তাবনা অনুযায়ী শেয়ারের মূল্য নির্ধারণের সীমা বেঁধে দেওয়া হলে তা হবে বুক বিল্ডিংয়ের নামে স্থির মূল্যপদ্ধতিরই আরেক রূপ।এ ব্যাপারে জানতে চাইলে ডিএসইর ঊর্ধ্বতন সহসভাপতি আহসানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বুক বিল্ডিং পদ্ধতিতে এসইসি শেয়ারের মূল্যসীমা বেঁধে দেওয়ার যে প্রস্তাব করেছে, আমরা তাতে ভিন্ন মত দিয়েছি। আমরা বলেছি, এই পদ্ধতিতে কোনো কোম্পানির শেয়ারের নির্দেশক দাম বেশি মনে করলে এসইসি প্রয়োজনে তা বাতিল করার ব্যবস্থা করতে পারে। এ ছাড়া আমরা এই পদ্ধতিতে যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দরপ্রস্তাবে অংশ নেবে, তাদের সবাইকে প্রস্তাবিত দরের ভিত্তিতে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়ার সুপারিশ করেছি।’ জানা গেছে, দেশে বুক বিল্ডিং পদ্ধতি চালু করার পর কিছু অসাধু উদ্যোক্তার অপব্যবহারে পদ্ধতিটি শুরুতেই সমালোচনার মুখে পড়ে। এ কারণে গত ২০ জানুয়ারি সরকার বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে তা সংশোধনের জন্য এসইসিকে নির্দেশ দেয়। প্রস্তাবিত খসড়ায় ২০টির মতো সংশোধনী আনা হয়েছে।