শেয়ারের সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উপদেষ্টা কমিটির সভায়। গতকাল সোমবার অনুষ্ঠিত এই সভায় বাজারের সাম্প্রতিক পরিস্থিতি, সরকারি শেয়ার বাজারে ছাড়া, বুকবিল্ডিং পদ্ধতির সংস্কার, মার্চেন্ট ব্যাংক নিয়ন্ত্রণ নীতিমালা, অমনিবাস হিসাবসহ বাজার নজরদারি ও তদারকির বিষয়ে আলোচনা হয়েছে। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এটি ছিল উপদেষ্টা কমিটির সঙ্গে পুনর্গঠিত এসইসির প্রথম বৈঠক। জানা গেছে, শেয়ারের সরবরাহ বাড়াতে এসইসির হাতে যেসব কোম্পানির প্রস্তাব রয়েছে, সেগুলো দ্রুত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পরামর্শ দিয়েছেন উপদেষ্টারা। একই সঙ্গে বুকবিল্ডিং পদ্ধতিতে প্রয়োজনীয় সংস্কার এনে তা আবার চালু করারও পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে এসইসির পক্ষ থেকে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুতই বুকবিল্ডিং পদ্ধতি চালু করা হবে। বৈঠক সূত্র জানায়, উপদেষ্টারা এসইসিকে শক্তিশালী করার ব্যাপারেও গুরুত্বারোপ করেছে। তাঁদের মতে, সংস্থাটির আনুষঙ্গিক সমর্থনের অভাব রয়েছে। এমনকি সংস্থাটির নিজস্ব কোনো ভবন নেই। আবার বাংলাদেশ ব্যাংকের একটি বিভাগে যে পরিমাণ লোক রয়েছে, পুরো এসইসিতে সেই পরিমাণ লোকবল নেই। এত কম লোকবল দিয়ে বাজারে নজরদারি বাড়ানো সম্ভব নয়। উপদেষ্টারা এসইসির গবেষণা কর্মকাণ্ড বাড়ানোরও এবং দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের কাজও দ্রুত ত্বরান্বিত করার সুপারিশ করেছেন। বৈঠকে বাজারের মূল্যসূচক পুনর্বিন্যাসের বিষয়েও অভিমত প্রকাশ করা হয়। অন্যদিকে সভা শেষে এসইসির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘কোনো কোম্পানি ৫০ শতাংশ শেয়ার ছেড়ে যে সুবিধা পাচ্ছে, অন্য কোম্পানি ১০ শতাংশ শেয়ার ছেড়ে একই সুবিধা পাচ্ছে সেটা হতে পারে না। যেসব কোম্পানি জনসাধারণের কাছে বেশি শেয়ার ছাড়বে তাদের বেশি সুবিধা দিতে হবে। বৈঠকে এ বিষয়টি উত্থাপন করা হয়েছে।’ সালমান আরও বলেন, গত বছর বাজারে চাহিদার তুলনায় শেয়ারের সরবরাহ কম থাকায় বিপর্যয় নেমে আসে। তাই দ্রুত সরবরাহ বাড়াতে হবে। তাঁর মতে, মূলত পুঁজিবাজার থেকে যারা গত বছর বড় অঙ্কের মুনাফা করেছে তারা আবার লাভ নিয়ে বাজারে প্রবেশ করেছে। আর বাজারের ঊর্ধ্বগতি দেখে নতুন বিনিয়োগকারীরা প্রবেশ করছে। জানা গেছে, বৈঠকে সাংবাদিকদের মানোন্নয়নের ব্যাপারেও আলোচনা হয়েছে। বলা হয়েছে, পুঁজিবাজার নিয়ে যেসব সাংবাদিক খবর পরিবেশন করবেন, তাঁদের ন্যূনতম জ্ঞান ও অভিজ্ঞতা থাকা উচিত। হঠাৎ করে কেউ এখানে এসে বাজার না বুঝে প্রতিবেদন করলে বাজারে বিরূপ প্রভাব পড়তে পারে। আর দুষ্ট লোকেরা এর সুবিধা নেয়। সে জন্য পুঁজিবাজার সাংবাদিকদের প্রশিক্ষিত করার উদ্যোগ নিতে হবে। বৈঠকে সংস্থাটির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন ও আরিফ খান; ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখরুদ্দিন আলী আহমদ, বিএপিএলসির সভাপতি সালমান এফ রহমান, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি পারভীন মাহমুদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) শেখ কবীর হোসেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরই) চেয়ারম্যান জায়েদি সাত্তার ও ফিন্যানশিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ ১৯ জন সদস্য উপস্থিত ছিলেন।