বাংলাদেশের চিংড়ি ও পোশাকশিল্পের শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয়ে এ বছরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) পক্ষ থেকে ওয়াশিটনে আগামী ২৪ জানুয়ারি শুনানি আহ্বান করা হয়েছে।রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও ইপিজেডের বাইরে অবস্থিত তৈরি পোশাকশিল্প ও চিংড়ি প্রক্রিয়াকরণ শিল্পে শ্রমিক অধিকার লঙ্ঘনের বিষয়ে আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনসের (এএফএল-সিআইও) অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএসটিআর তৃতীয়বারের মতো এই শুনানি (পাবলিক হিয়ারিং) আহ্বান করেছে। বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও চিংড়িশ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠানের সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়র অভিযোগগুলো সম্পর্কে সম্প্রতি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি আন্তমন্ত্রণালয় সভা করেছে। সে অনুযায়ী সত্যের ওপর ভিত্তি করে একটি জবাবপত্র তৈরি করা হচ্ছে। ২৪ জানুয়ারি ওয়াশিংটনে সেটাই হবে সরকারের অবস্থান।