শ্রম আইনের বিধিমালা হয়নি চাপে পড়ছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর তৈরি পোশাকশিল্পের উন্নয়নে শ্রমমান উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি শ্রম আইনের সংশোধন করা হয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও সরকার শ্রম আইন বাস্তবায়নের বিধিমালা জারি করেনি। বিধিমালা জারি না করায় এখন নতুন করে ইউরোপীয় ইউনিয়নের অবাধ বাজারসুবিধা নিয়ে চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। একই বিষয়ে যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে চাপ দিতে চাইছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে একটি হোটেলে রানা প্লাজার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত এক সভায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এ হুঁশিয়ারির কথা জানান।
সভায় ইইউ বাণিজ্য কমিশনার সেসিলিয়া মেল্মস্ট্রমের রানা প্লাজা নিয়ে গত বুধবার ব্রাসেলসে দেওয়া বক্তৃতার উল্লেখ করেন পিয়েরে মায়াদু। সেসিলিয়া মেল্মস্ট্রম বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের ভবিষ্যৎ শুধু পণ্যের মূল্যের ওপরই নয়, বরং পণ্যের ব্যাপারে ভোক্তাদের মনোভাবের ওপরও এটি নির্ভর করছে। এ ধরনের আরেকটি বিপর্যয় (রানা প্লাজা ধস) হলে ভাবমূর্তি থাকবে না। আরেকটি বিপর্যয় কিংবা এখন শ্রমিকদের যে খারাপ পরিস্থিতি রয়েছে তা অব্যাহত থাকলে ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের জন্য দেওয়া অবাধ বাজারসুবিধা (‘অস্ত্র ছাড়া সবকিছু’) পর্যালোচনা করতে বাধ্য করবে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এটি শর্ত হিসেবে বিবেচিত হবে।
সেসিলিয়া মেল্মস্ট্রমের বক্তৃতার প্রসঙ্গ টেনে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত দ্রুত শ্রম আইনের বিধিমালা জারির তাগিদ দেন। ঢাকার একটি কূটনীতিক সূত্র জানিয়েছে, ইইউ বাণিজ্য কমিশনারের বক্তৃতাটি গতকালের আলোচনায় তুলবেন কি না সেটি নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন পিয়েরে মায়াদু। কারণ সেসিলিয়া মেল্মস্ট্রম যে কথা বলেছেন এ ধরনের বক্তৃতা সাম্প্রতিক সময়ে ইইউর পক্ষ থেকে দেওয়া হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে, ব্রাসেলসের স্থানীয় সময় অনুযায়ী গত বুধবার বিকেলে ইউরোপীয় পার্লামেন্টে রানা প্লাজার দ্বিতীয় বার্ষিকীতে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘রিমেমবারিং রানা প্লাজা: দি রোড আহেড’ শীর্ষক সম্মেলনে আলোচনার শুরু করেন দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির প্রধান জিন ল্যাম্বার্ট। ইউনিভার্সিটি অব কলোরাডোর অধ্যাপক জেনিফার ব্লেয়ার বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, ইইউ বাণিজ্য কমিশনার সেসিলিয়া মেল্মস্ট্রম সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট এবং আইএলওর উপমহাপরিচালক স্যান্ড্রা পোলাস্কি গার্মেন্টসের সরবরাহব্যবস্থায় শ্রমিক অধিকার নিয়ে বক্তৃতা করেন। বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহান এ পর্যন্ত তৈরি পোশাকশিল্পের শ্রমমানের উন্নয়নে সরকার ও অন্যান্য নাগরিক সমাজ যেসব উদ্যোগ নিয়েছে তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। বিশ্বজুড়ে পোশাকশিল্পের কর্মীদের জীবনমানের উন্নয়নে ইউরোপে ভোক্তা ও ব্র্যান্ডের মধ্যে সচেতনতার বিষয়ে বক্তৃতা করেন ক্লিন ক্লদস ক্যাম্পেইনের স্যাম মাহের।
গতকাল ঢাকার বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও বাংলাদেশে শ্রমমান পরিস্থিতির উন্নয়নে বিধিমালা জারির ওপর গুরুত্ব দেন। বৈঠকটিতে শ্রমসচিব মিকাইল শিপার রানা প্লাজা ধসের দুই বছর পর তৈরি পোশাক খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন অগ্রগতি পর্যালোচনা করে একটি হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন। এরপর ইইউ রাষ্ট্রদূত ও মার্কিন রাষ্ট্রদূত বক্তৃতা করেন।
ঢাকা ও ব্রাসেলসের কূটনীতিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বিষয়ে ইইউ, যুক্তরাষ্ট্র ও আইএলও আজ বা আগামীকালের মধ্যে একটি যৌথ বিবৃতি প্রচার করবে। এ ছাড়া গত অক্টোবরে ব্রাসেলসে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সভায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করায় অসন্তুষ্ট রয়েছে আইএলও। এ ব্যাপারে আইএলওর মহাপরিচালক গাই রাইডারের আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ব্রাসেলসে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সভায় বাংলাদেশ শ্রমের অন্যায় চর্চা রোধ, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) শ্রম আইন ও বিধিমালা জারির অঙ্গীকার করেছিল। ওই সময় বাংলাদেশের পক্ষ থেকে গত ডিসেম্বরের মধ্যে বিধিমালা জারির কথা বলা হয়েছিল। কারণ ওই সভায় আইএলওর উপমহাপরিচালক স্যান্ড্রা পোলাস্কি উল্লেখ করেন বিধিমালার অভাবে বাংলাদেশে ‘বেটার ওয়ার্কস প্রোগ্রাম’ চালু করা যাচ্ছে না। আর ডিসেম্বরের মধ্যে এটি না হলে আইএফসির আর্থিক সহায়তা পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে।