শ্রম ও ইপিজেড আইন সংশোধনে কমিটি গঠন
আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) সুপারিশে শ্রম ও ইপিজেড আইন সংশোধনের খসড়া প্রস্তুত করতে সরকার উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে। আইন দুটির খসড়া প্রস্তুত করে আগামী ৩১ আগস্টের মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশেষজ্ঞ কমিটিতে পাঠানো হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠিত হয়। তিনি দুটি আইনের খসড়া প্রস্তুতের জন্য পৃথক দুটি কারিগরি কমিটির সমন্বয় করবেন।
বিষয়টি নিশ্চিত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আমরা শ্রম আইন ও ইপিজেড আইন সংশোধনের খসড়া ৩১ আগস্টের মধ্যে পাঠাব।’ আইন দুটি ৩০ নভেম্বরের মধ্যে সংসদে পাস করার কথা জানান তিনি।
গতকালের বৈঠকে বাণিজ্যমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম, বাণিজ্যসচিব শুভাশীষ বসু, শ্রমসচিব মিকাইল শিপার, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত মাসে জেনেভাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনে সুপারিশ করা হয়, বাংলাদেশের শ্রম অধিকার উন্নতির স্বার্থে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্যমূলক আচরণ ও সহিংসতা বন্ধের জন্য নভেম্বরের মধ্যে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সরকার কী কী করছে, তা নিয়ে আইএলওর বিশেষজ্ঞ কমিটিকে ওই সময়ের মধ্যে বিস্তারিত জানাতে হবে।
শ্রম অধিকার নিশ্চিতে অন্তত চারটি ক্ষেত্রে নভেম্বরের মধ্যে দৃশ্যমান উন্নতি দেখতে চায় আইএলও। এই চারটি ক্ষেত্র হচ্ছে সংগঠিত হওয়ার অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের শ্রম আইন ও বিধিমালা আন্তর্জাতিক সনদের সঙ্গে সংগতিপূর্ণ হওয়া নিশ্চিত করা; খসড়া ইপিজেড আইনে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা; অনতিবিলম্বে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ইউনিয়নবিরোধী কর্মকাণ্ডের তদন্ত করে ছাঁটাই হওয়া লোকজনের চাকরি ফিরিয়ে দেওয়া; আইন অনুযায়ী অভিযুক্তদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় কিংবা মামলা দায়ের করা এবং দ্রুততার সঙ্গে ট্রেড ইউনিয়নের নিবন্ধন করা।
দুই আইনের সংশোধনের বিষয়ে কাজ হলে বাকি দুটি বিষয় কী হচ্ছে? জানতে চাইলে গত রাতে বিজিএমইএর সভাপতি প্রথম আলোকে বলেন, বাকি দুটি দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার।