শ্রম প্রতিমন্ত্রীকে নিখোঁজ শ্রমিকদের তালিকা হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে নিখোঁজ ১৪৬ জন শ্রমিকের একটি তালিকা তৈরি করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হককে দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে শ্রমিক সংগঠনের নেতারা প্রতিমন্ত্রীর কাছে নিখোঁজ ব্যক্তিদের নিহত ঘোষণাসহ সাত দফা দাবি তুলে ধরেন।
শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার গার্মেন্ট শ্রমিক সংহতির একটি প্রতিনিধিদল এসব দাবি তুলে ধরে। সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতারের নেতৃত্বে আট সদস্যের ওই প্রতিনিধিদলে ছিলেন জুলহাসনাইন বাবু, হারুনুর রশীদ মাহমুদ, দীপক রায়, নিখোঁজ এক শ্রমিকের পরিবারের সদস্য আলম মাতব্বর প্রমুখ।
সংগঠনের পক্ষে তাসলিমা আখতার প্রতিমন্ত্রী কাছে নিখোঁজের তালিকাটি হস্তান্তর করেন। একই সঙ্গে শ্রম প্রতিমন্ত্রীর কাছে তালিকা প্রণয়নের পদ্ধতি সম্পর্কে অবহিত করে নিখোঁজ শ্রমিক পরিবারের হয়রানি ও হতাশার কথা তুলে ধরেন তিনি।
সাত দফা দাবি হচ্ছে: নিখোঁজদের প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে নিহত ঘোষণা, সব তালিকার অসংগতি দূর করা, ক্ষতিগ্রস্ত সবাইকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান, ডিএনএ শনাক্তকারীদের কবর বুঝিয়ে দেওয়া, সব কঙ্কালের ডিএনএ পরীক্ষা ও দ্রুত প্রতিবেদন প্রকাশ, সব দোষীকে দ্রুত শাস্তি দেওয়া এবং ২৪ এপ্রিলকে শোক ও শ্রমিক নিরাপত্তা দিবস হিসেবে ঘোষণা করে ওই দিন সব কারখানায় ছুটি দেওয়া। বিজ্ঞপ্তি।