শ্রম বিষয়ে আবার উদ্বেগ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শ্রম ইস্যু নিয়ে ওয়াশিংটন ও আন্তর্জাতিক পোশাক ক্রেতাদের ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের আবারও জানালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।এই অবস্থায় কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন এবং শ্রমিক-মালিক সম্পর্ক সহযোগিতামূলক করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) যৌথ উদ্যোগে গৃহীত ‘বেটার ওয়ার্ক’ কর্মসূচি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।গত সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় শ্রমমানের উন্নয়ন ঘটাচ্ছে এবং অবস্থার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে—এই বার্তা যুক্তরাষ্ট্রের ক্রেতা ও ভোক্তাদের কাছে দেওয়ার অনুরোধ করেন উপস্থিত ব্যবসায়ীরা।মার্কিন দূতাবাস থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআইয়ের অনুরোধে ওই বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের শ্রম ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ছয় সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলামিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহীম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম মইনুদ্দীন, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক আরশাদ জামাল, অপেক্স গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান। এ ছাড়া দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যান মজীনা এ দেশে যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর অপার সম্ভাবনার ওপর জোর দেন। একই সঙ্গে বাংলাদেশের শ্রম ইস্যু নিয়ে ওয়াশিংটন ও আন্তর্জাতিক ক্রেতাদের উদ্বেগের বিষয়টিও ব্যবসায়ীদের জানান।বৈঠক সূত্র জানায়, মজীনা বলেছেন, সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তা সে দেশের (যুক্তরাষ্ট্র) মানুষেরই মত। বাংলাদেশের পোশাক খাতের সাম্প্রতিক অসন্তোষ, হরতাল, শ্রমিকনেতা আমিনুল হত্যাকাণ্ড, শ্রমিক সংগঠন করার সুযোগ না থাকার বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।মজীনা বলেন, কর্ম পরিবেশ উন্নত করা, শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, পণ্যের গুণগত মান বাড়ানোসহ কিছু বিষয়ে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিরই শুধু প্রবৃদ্ধি হবে না, বরং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়ে উঠবে।১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মজীনা বলেন, শ্রম মানের কারণে এখানকার পণ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই মার্কিন ব্যবসায়ীরা ভবিষ্যতে এখানকার পণ্য কিনে নিজেদের সুনাম নষ্ট করার মতো ঝুঁকি নিতে চাইবেন না। তিনি বলেন, বাংলাদেশের কর্মপরিবেশের নিরাপত্তার অভাব, ট্রেড ইউনিয়নের অভাবসহ নানা কারণে বাংলাদেশের পণ্য কেনা নিয়ে মার্কিন ক্রেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে।বৈঠকে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ মার্কিন রাষ্ট্রদূতের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে যদি বাংলাদেশের তৈরি পোশাক ঢুকতে না পারে তবে তা পোশাক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।এ কে আজাদ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ও শুল্কমুক্ত সুবিধার আওতায় থাকা বাংলাদেশি পণ্যের তালিকা সম্প্রসারণের অনুরোধ করেন।সূত্র জানায়, বৈঠকে একজন ব্যবসায়ী বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমরা হয়তো সব শর্ত পূরণ করতে সক্ষম না-ও হতে পারি, কিন্তু আমরা প্রতিনিয়ত অবস্থার উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’