শ্রমঘন শিল্প এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনের ক্ষয়ক্ষতির হাত থেকে শিল্পকারখানাকে রক্ষা করতে শ্রমঘন শিল্প ইউনিটে পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। তবে এমন দূরত্বে ফায়ার স্টেশন স্থাপন করতে হবে, যাতে প্রত্যেক শিল্প ইউনিটে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারে। পোশাক কারখানা-সংক্রান্ত সোশ্যাল কমপ্লায়েন্স ফোরামের চতুর্দশ সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ভারপ্রাপ্ত বাণিজ্যসচিব গোলাম হোসেন, অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান সাহাব উল্লাহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মুহাম্মদ শহীদুল্লাহ, বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিকেএমইএর সভাপতি ফজলুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি রায় রমেশ চন্দ্র এবং সোশ্যাল কমপ্লায়েন্স ফোরামের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।বৈঠক সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক কারখানাকে পার্টিসিপেশন কমিটি গঠনের যে সময়সীমা দেওয়া হয়েছিল, কারখানা কর্তৃপক্ষ তা রাখতে পারেনি। ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর অনুরোধে এ সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সভায় নন-কমপ্লায়েন্ট কারখানার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে বিজিএমইএ ও বিকেএমইএকে পুনরায় তাগিদ দেওয়া হয়। কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয় শ্রম মন্ত্রণালয়কে। এ ছাড়া শিল্প পুলিশ গঠনের ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়। জানা গেছে, কারখানাগুলোতে অগ্নিনির্বাপক কাজের যন্ত্রপাতি ব্যবহারের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, অগ্নিনির্বাপক মহড়া পরিচালনা, কারখানার গেটে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন নিশ্চিত করা, কারখানার গেট খোলা রাখা এবং প্রত্যেক কারখানার আউটলেট ও ছাদে যাওয়ার ব্যবস্থা রাখতে সংশ্লিষ্ট কারখানার মালিকদের পরামর্শ দেওয়া হয়।