বর্তমানে একজন শ্রমজীবী মানুষ যে আয় করেন, তা দিয়ে সাড়ে ১১ কেজি চাল কেনা যায়। সাড়ে তিন কেজি চাল হলেই শ্রমজীবীর দিন চলে যায়। ফলে বাকি অর্থ দিয়ে তাঁরা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। তিনি বলেন, তাঁদের গবেষণায় এ তথ্য মিলেছে।
গভর্নর বলেন, অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে, যা প্রবৃদ্ধিকে প্রভাবিত করে। তাঁর মত হলো, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৫০ শতাংশের বেশি হবে। গভর্নর ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আতিউর রহমান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে। মূল্যস্ফীতি কমছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমের প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা লেনদেন হচ্ছে। এসবই অর্থনীতির ইতিবাচক দিক।
গভর্নর শিক্ষা খাতের উন্নয়নে ভালো শিক্ষক সৃষ্টির তাগিদ দেন। তিনি বলেন, ‘আমাদের ভালো শিক্ষকের অভাব রয়েছে। এদিকে মনোযোগ দেওয়া দরকার। প্রযুক্তির যুগে ই-লার্নিংয়ের ব্যবস্থা করা যেতে পারে।’
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম ও ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম বক্তব্য দেন।
অনুষ্ঠানে ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, এমন ১৫০ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৫ জন ছাত্রকে বৃত্তি দেওয়া হয়। এসএসসি পাস করা শিক্ষার্থীকে মাসে এক হাজার টাকা করে এবং এইচএসসি পাস করা শিক্ষার্থীকে মাসে দেড় হাজার টাকা করে পরবর্তী এক বছর পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।