শ্রমবিষয়ক পরামর্শ পরিষদ পুনর্গঠিত
শ্রম আইন পরিপালন, আন্তর্জাতিক শ্রমমান পর্যালোচনা এবং শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন-সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন করেছে সরকার।
২ ডিসেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একই প্রজ্ঞাপনে আগের পরিষদটি বাতিল করা হয়েছে।
সরকার, শ্রমিক ও মালিকদের নিয়ে গঠিত ৬২ সদস্যের এ পরিষদের সভাপতি হবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী। আর একই মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব হবেন সদস্যসচিব।
পরিষদে প্রতিটি পক্ষে ২০ জন করে সদস্য থাকবেন। এর মধ্যে সরকারপক্ষের ২০ জনের মধ্যে বাণিজ্য, পররাষ্ট্রসহ সচিবই থাকবেন ১৭ জন। মালিকপক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ফেডারেশন ও সমিতির সভাপতিরা থাকবেন। আর শ্রমিকপক্ষে রাখা হবে জাতীয় শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বাসদের শ্রমিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের।
পরামর্শ পরিষদ চাইলে যেকোনো সময় বৈঠক করতে পারবে। তবে বছরে অন্তত দুবার বৈঠক করতেই হবে। বৈঠকে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিকে পর্যবেক্ষক রাখা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরামর্শ পরিষদ শ্রম আইন, বিধি, নীতি ও পরিকল্পনা প্রণয়ন; মালিক-শ্রমিকের সম্পর্কোন্নয়ন; শিশুশ্রম-সংক্রান্ত কার্যাবলি; সম্পদের সম্ভাব্য সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। এ ছাড়া শ্রম সমস্যা সম্পর্কে সরকারকে জানানো এবং তা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেবে এই পরিষদ।
ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের প্রথম বৈঠকে সরকার, মালিক ও শ্রমিকপক্ষ থেকে একজন করে মোট তিনজন সহসভাপতি নির্বাচিত হবেন। তাঁরা সভাপতির অনুপস্থিতি তে পর্যায়ক্রমে সভাপতিত্ব করবেন বৈঠকে।
পরিষদের সভাপতি যে সময় ও স্থানে পরিষদের বৈঠক করবেন বলে জানাবেন, সেই সময় ও স্থানেই বৈঠক অনুষ্ঠিত হবে। পরিষদকে সাচিবিক সহায়তা করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন ও শ্রম অধিশাখা।