শ্রমমানের উন্নতি না হলে জিএসপি বাতিল: ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ায় ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গতকাল প্রতিবাদকারীরা বিক্ষোভ করেন ষ ছবি: এএফপি
ইন্দোনেশিয়ায় ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গতকাল প্রতিবাদকারীরা বিক্ষোভ করেন ষ ছবি: এএফপি

ইউরোপের বাজারে বিদ্যমান জিএসপি বা বাণিজ্য অগ্রাধিকার সুবিধা ধরে রাখতে হলে বাংলাদেশকে শ্রম অধিকার ও কারখানা নিরাপত্তার উন্নতি ঘটাতে হবে। তা না হলে ইউরোপীয় ইউনিয়নকে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বুধবার দুপুরে বালির নুসা দুয়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিএনডিসিসি) এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিশনার কারেল দ্য গুচে বাংলাদেশি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
কারেল গুচে আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি-সুবিধা স্থগিত করলেও তার প্রভাব খুবই সীমিত। কেননা, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলো এই সুবিধা পেত না। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ইবিএর (অস্ত্র বাদে সবকিছু) আওতায় বাজারসুবিধা দিয়েছে। তিনি বলেন, ‘তোমরা যদি এই সুবিধা ধরে রাখতে চাও, তাহলে অবশ্যই শ্রমিকের দর কষাকষির অধিকার ও কারখানার নিরাপত্তার বিষয়ে নজর দিতে হবে।’
কারেল গুচে আরও বলেন, ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে যে পথনকশা তৈরি করা হয়েছে, তা যথাযথভাবে পরিপালন করে এগিয়ে যাওয়াই হবে সবচেয়ে ভালো কাজ। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে বাংলাদেশ যদি শ্রম অধিকার ও কারখানা নিরাপত্তার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করতে না পারে, তাহলে ইইউর সঙ্গে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বালিতে অবস্থানরত বাণিজ্যসচিব মাহবুব আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ইইউ নতুন কোনো কথা বলেনি। তা ছাড়া বাংলাদেশের সঙ্গে ইইউর এখন একটি কমপ্যাক্ট অ্যাগ্রিমেন্ট হয়েছে, যার আওতায় এসব বিষয়ে অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। ইতিমধ্যে একাধিকবার তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা নিয়মিত অগ্রগতি জানাচ্ছি।’
মাহবুব আহমেদ আরও বলেন, আমেরিকায় জিএসপি পুনরুদ্ধারের বিষয়েও ইউএসটিআরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কাজ করছে এবং নিয়মিত অগ্রগতি জানানো হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে তাজরীন ফ্যাশনস কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক এবং এ বছর এপ্রিলে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের ওপর শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে চাপ তৈরি করে। এর পরই আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যুক্ত হয়ে ইইউ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি (কমপ্যাক্ট অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করে। এর আওতায় ইইউ এক বছর ধরে বাংলাদেশের শ্রমিকদের জীবন ও কর্মপরিবেশ উন্নত করার বিষয়টি পর্যালোচনা করবে।
বর্তমানে ইইউর বাজারে বাংলাদেশ বছরে এক হাজার ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। ইবিএ সুবিধার আওতায় বাংলাদেশ সাড়ে ১২ শতাংশ শুল্কহার ছাড় পেয়ে এই বাজারে প্রবেশ করতে পারে, যা অন্য উন্নয়নশীল দেশগুলোকে দিতে হয়।