ঠিক চার বছর আগে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের নিরাপত্তায় যথেষ্ট উন্নতি হলেও যৌথ দর-কষাকষিসহ শ্রমিকদের অধিকার এখনো নিশ্চিত হয়নি। উল্টো শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে বাধা দেওয়া, তাদের ভয় দেখানো এবং নানাভাবে হয়রানির অভিযোগ আছে। তাই আজ বৃহস্পতিবার রাজধানীতে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের তৃতীয় পর্যালোচনা সভায় শ্রমিক অধিকার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
জেনেভা ও ব্রাসেলসের কূটনৈতিক সূত্রগুলোতে যোগাযোগ করে জানা গেছে, কমপ্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা সভার মতো এবারও শ্রমিক অধিকারের বিষয়টি গুরুত্ব পাবে। তবে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গত জুনের সম্মেলনে বাংলাদেশ নিয়ে বিশেষ অনুচ্ছেদের কারণে এবারের আলোচনার তাৎপর্যটা আলাদা। বিশেষ ওই অনুচ্ছেদটি যুক্ত হওয়ার পর থেকেই ইউরোপীয় ইউনিয়ন তাদের বাজারে বাংলাদেশের অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) অব্যাহত রাখার বিষয়টি নিয়ে কথা বলছে। এর মধ্যেই ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল গত মার্চে বাংলাদেশ ঘুরে গেছে। আগামী জুনের মধ্যে শ্রম অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশের কাছে থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে চায় তারা। তা না হলে জুনে পরিস্থিতি দেখতে আরেকটি মিশন পাঠাবে ইইউ। আর জুন মাসেই আইএলওর পরের সম্মেলনে বাংলাদেশের শ্রমিক অধিকার নিশ্চিত কতটা হয়েছে, তা নিয়ে আলোচনা হবে। পরে জুলাইতে একই বিষয় নিয়ে আলোচনা হবে ইউরোপীয় পার্লামেন্টে।
গতকাল বুধবার শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত এ বিষয়টিতে সরকার গুরুত্ব দিতে শুরু করেছে। দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোতে (ইপিজেড) ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে এ-সংক্রান্ত আইনটি সংসদ থেকে ফেরত আনা হয়েছে। সরকার এখন ইপিজেড এবং ইপিজেডের বাইরে ভিন্ন নামে অভিন্ন ট্রেড ইউনিয়ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আর এই ট্রেড ইউনিয়নে নেতৃত্ব ঠিক হবে নির্বাচনের মধ্য দিয়ে। এর পাশাপাশি কারখানার সুরক্ষার বিষয়টি নিয়মিত তদারকির জন্য কারখানা পরিদর্শকের কার্যালয়ে জনবল বাড়ানো হচ্ছে।
২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের শিল্প ইতিহাসের সবচেয়ে বিয়োগান্ত ঘটনা রানা প্লাজা ধসের পর পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নতি ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে চারপক্ষীয় উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের জুলাইতে জেনেভায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইইউ এবং আইএলওর উচ্চপর্যায়ের প্রতিনিধিরা এক বৈঠকে যোগ দিয়ে ‘স্টেইং এনগেইজড অ্যান্ড সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট উইথ বাংলাদেশ’ নামের উদ্যোগের ঘোষণা দেন। সংক্ষেপে এটি কমপ্যাক্ট নামে পরিচিত।
ব্রাসেলসের কূটনৈতিক সূত্র অনুযায়ী, রানা প্লাজা ধসের চার বছর পূর্তির সময় গত এপ্রিলে তৈরি পোশাকশিল্পের কাজের পরিবেশের উন্নতিতে বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছিল ইইউ। এ সময় ইইউ কারখানার অগ্নিনির্বাপণব্যবস্থার উন্নতি এবং কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের কথাগুলো বিশেষভাবে উল্লেখ করেছিল। কিন্তু জুন মাসে জেনেভায় আইএলওর সম্মেলনের ১০৫তম অধিবেশনে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে বিশেষ অনুচ্ছেদ যুক্ত হওয়ার পর অবস্থান পরিবর্তন করে ইইউ।
২০১৬ সালের জুনে যুক্ত হওয়া আইএলওর বিশেষ ওই অনুচ্ছেদে বলা হয়েছে, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী সংগঠিত হওয়া এবং শ্রমিক অধিকার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপের ঘাটতি ও ব্যর্থতা অত্যন্ত উদ্বেগের। এ ক্ষেত্রে শ্রম আইন-২০১৩তে সংশোধনী আনা, ইপিজেড আইনে সংগঠিত হওয়ার অধিকার পুরোপুরি নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্যের তদন্ত এবং ইউনিয়নের নিবন্ধন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে করার মতো চারটি প্রসঙ্গ ওই অনুচ্ছেদে এসেছে। এসব কারণেই বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়টি যাচাই করে দেখতে চাইছে ইইউ। বাংলাদেশের মোট রপ্তানির ৫৫ ভাগ যায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোতে।
কমপ্যাক্টের মূল উপাদান তিনটি। শ্রমিক অধিকার, কারখানার কাঠামোগত সমন্বয় (অগ্নিনির্বাপণব্যবস্থা ও কাঠামোগত সুরক্ষা নিশ্চিত করা) এবং দায়িত্বশীল ব্যবসা আচরণ। প্রথম দুটি বিষয়ে উন্নয়ন-সহযোগীরা জোরেশোরে বললেও তৃতীয় উপাদান নিয়ে তারা কথা বলে না। সব সময় তা এড়িয়ে গেছে বলেই বাংলাদেশের কর্মকর্তারা মনে করেন।