শ্রমিকদের অধিকার রক্ষা এখন বাংলাদেশের ভাবমূর্তির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তাঁর মতে, বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে।রাজধানীর একটি হোটেলে ‘পজিশনিং বাংলাদেশ’ শিরোনামে গতকাল বুধবার অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম কর্ম-অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, গবেষণা সংস্থা বিল্ড, ক্যাটালিস্ট এবং সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএএসআইএস যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।আশুলিয়ায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় বাংলাদেশের মতো পুরো বিশ্বও শোকাহত মন্তব্য করে ড্যান মজীনা বলেন, এমন ঘটনায় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কারণ, এ দেশের পোশাক খাতে শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে যে সমস্যা চলছে, তা খুবই গুরুতর এবং এ খাতকে তা আক্রান্ত করতে পারে। তাই এমন পদক্ষেপ নিতে হবে, যা আরেকটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে দেবে না।আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঘোষিত কর্মসূচি ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ এ দেশে চালু করতে তৈরি পোশাক কারখানা মালিক ও সরকারকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, কাজের পরিবেশ উন্নত করা এবং শ্রমিকদের স্বাধীনভাবে ইউনিয়ন করতে না দেওয়া পর্যন্ত বাংলাদেশের জিএসপি-সুবিধা স্থগিত রাখতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে একটি আবেদন করা হয়েছে। আইএলওর এই কর্মসূচি তাই বাংলাদেশকে সহায়তা করতে পারে।ড্যান মজীনা বলেন, বাংলাদেশের সামনে এখন দুটি করণীয় রয়েছে। প্রথমত, আশুলিয়ার কারখানায় যে আগুন লেগেছে, তাকে ইতিহাসের অংশ করে ফেলা এবং ওয়াশিংটনে বাংলাদেশের জিএসপি স্থগিতের যে আবেদন করা হয়েছে, তার দিকে না তাকিয়ে বরং এখন যেভাবে তৈরি পোশাক কারখানাগুলো চলছে, সেভাবেই চলতে দেওয়া। কিন্তু এটি করা হলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে নষ্ট হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পোশাক ক্রেতা ও ভোক্তারা বাংলাদেশি ব্র্যান্ডের পোশাক কিনতে অনীহা দেখাতে পারেন।মজীনা আরও বলেন, অন্যদিকে আশুলিয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়ন এবং শ্রমিক ইউনিয়ন করতে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ জিএসপি প্রত্যাহারের আবেদনের কার্যকর জবাব দিতে পারবে এবং এতে সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব। ফলে বাংলাদেশের ভাবমূর্তি সবার কাছে উজ্জ্বল হবে।এই অধিবেশনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম প্রধান উৎপাদনশীল দেশ। ইউরোপে মন্দা আর যুক্তরাষ্ট্রে সংকোচনের কারণে এ দেশের রপ্তানি অনেক কমে গেছে। তাই এখন রপ্তানিকারী দেশের ক্ষেত্রে বৈচিত্র্য আনার দিকে এবং দেশীয় বাজারকে গুরুত্ব দিতে হবেফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেন, ভৌগোলিক নির্দেশক আইনটি দ্রুত পাস করতে হবে। জামদানি ও মসলিন শাড়ির মতো নিজেদের পণ্যগুলোকে ব্র্যান্ড করার জন্যই এটা দ্রুত হওয়া প্রয়োজন।এই অধিবেশনে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। এতে আরও বক্তব্য দেন জেনারেশন এলায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড ফলকস, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু প্রমুখ।