
ন্যূনতম বেতন আট হাজার টাকা করার দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বুধবারও বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শ্রমিকেরা। নারায়ণগঞ্জে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সেখানে মালিকপক্ষের সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। উভয় স্থানে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫৫ শ্রমিক।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল সকালে প্রায় সব কারখানা চালু করা হয়। কিছুক্ষণ কাজ করার পর সকাল নয়টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে রাস্তা বন্ধ করে দেন। ঘণ্টা দেড়েক পর পুলিশ এসে শ্রমিকদের ধাওয়া করলে শ্রমিকেরাও ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এর কিছুক্ষণ পর উপজেলার তেলিরচালা এলাকায় শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং দুটি কারখানার প্রধান ফটক ও নিরাপত্তারক্ষীদের কক্ষ ভাঙচুর করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সেখানে গিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অন্তত ২৫ শ্রমিক।গাজীপুরের সদর উপজেলার চৌরাস্তা ও নলজানী এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কোনাবাড়ী এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আবদুস সাত্তার জানান, গত মঙ্গলবারের শ্রমিক অসন্তোসের ফলে সদর উপজেলার পানিশাইল এলাকার মাছিহাতা নামের একটি কারখানা পরদিনের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে বন্ধ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা পাশের তুরাগ কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় ভাঙচুর করেন এবং নবীনগর-কালিয়াকৈর সড়কে অবরোধ করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেধে যায়। এ সময় শ্রমিকেরা পুলিশের একটি গ্যাস গান ছিনিয়ে নিয়ে যান। শ্রমিকদের হামলায় ফিরোজ ও শ্যামলসহ চার কনস্টেবল আহত হন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবদুস সাত্তার জানান, গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত গ্যাস গানটি উদ্ধার করা সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জে সকাল সাড়ে নয়টায় বিভিন্ন শ্রমিকেরা সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবরোধ করেন। তখন পুলিশ লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে শ্রমিকেরা রাস্তা থেকে সরে যান। বৃষ্টি থামার পর সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা আবারও সেখানে অবরোধ করেন। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তখন শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়তে শুরু করলে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সাড়ে ১১টার দিকে পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে সক্ষম হয়।
দুই দফায় ওই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে রাবার বুলেটবিদ্ধ শ্রমিক সাইফুল, রতন, আবদুল হক, তাজুল ইসলাম, জসিম ও বাবুকে গুরুতর আহতাবস্থায় ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ২০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয় ১৫ জনকে।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক মোমেনা বলেন, ‘আমি আন্দোলনে যাইনি। বাসায় যেতে চেয়েছিলাম। কিন্তু মালিকের সন্ত্রাসীরা আমাকে ঘিরে ধরে পিটিয়ে গুরুতর আহত করে।’
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। আজ হয়তো তেমন কিছুই হতো না। কিন্তু ওসমান ও শাকুরা গার্মেন্টসের মালিকের লালিত সন্ত্রাসী শাহ জামাল ও মজিবরের বাহিনী শ্রমিকদের ওপর হামলা চালায়।