শ্রমিক ও ইউনিয়নের সঙ্গে মালিকদের বসার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজিএমইএ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট l প্রথম আলো
বিজিএমইএ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে বক্তব্য দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট l প্রথম আলো

তৈরি পোশাক খাতে বাংলাদেশকে অপ্রতিদ্বন্দ্বী বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। তিনি বলেছেন, বিরাট কর্মসংস্থান সৃষ্টি করে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে অবদান রেখেছে পোশাকশিল্প। ২০২১ সালের মধ্যে পোশাকশিল্পের রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্র সরকার সাহায্য-সহায়তা করবে বলে আশ্বস্ত করেন তিনি।
রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৈঠক শেষে তিনি বলেন, পোশাক খাতের শ্রমিক অধিকার ও নিরাপত্তার জন্য অনেক ভালো কাজ ইতিমধ্যে হয়েছে বাংলাদেশে। ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ হয়েছে। নতুন শ্রম পরিদর্শক নিয়োগ করা হয়েছে। ২০০ ট্রেড ইউনিয়ন স্বীকৃতি পেয়েছে। স্বচ্ছতার সঙ্গে কারখানার সংস্কারকাজ চলছে। তবে আরও অনেক কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
প্রায় চার মিনিটের বক্তব্যে বার্নিকাট বলেন, ‘পোশাক খাতে যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ অপ্রতিদ্বন্দ্বী। কারণ হচ্ছে, এখানে শিল্প ও দক্ষ শ্রমিক যেমন আছে, তেমনি ট্রেড ইউনিয়ন ও আন্তর্জাতিক মহলও কাজ করছে। তা ছাড়া বাংলাদেশ চ্যালেঞ্জ নিতে পারে। ট্র্যাজেডি মোকাবিলা করতে পারে।’
বিজিএমইএর নেতাদের উদ্দেশে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, শিগগিরই অবশিষ্ট কারখানা পরিদর্শন করে সংস্কারকাজ শেষ করা প্রয়োজন। এ ছাড়া সব কারখানায় শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। অবশ্যই মালিকপক্ষকে শ্রমিক ও টেড ইউনিয়নের সঙ্গে আরও বেশি বেশি আলোচনায় বসতে হবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলে বাংলাদেশ নিঃসন্দেহে পোশাক রপ্তানিতে এক নম্বর হবে।
মার্শা বার্নিকাটের বক্তব্যের আগে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম রানা প্লাজা ধসের পর নেওয়া বিভিন্ন কার্যক্রম, পোশাকশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি চিত্র ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে একটি উপস্থাপনা দেন। তিনি বলেন, উন্নত কারখানার কর্মপরিবেশ নিশ্চিত, শ্রমিক ব্যবস্থাপনা ও সম্পর্ক উন্নয়ন, উচ্চ শুল্কহার, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোয় বড় চ্যালেঞ্জ।
বিজিএমইএর সভাপতি জানান, গত অর্থবছর যুক্তরাষ্ট্রে ৫১৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাস, অর্থাৎ জুলাই-জানুয়ারি সময়ে এই বাজারে রপ্তানি কমেছে সাড়ে ৩ শতাংশ। একই সময়ে ভিয়েতনাম ১৪ দশমিক ৫৮, ভারত ৫ দশমিক ৭৩ এবং চীন ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। অথচ এসব দেশের চেয়ে বাংলাদেশই শতাংশ হিসেবে বেশি শুল্ক দিয়ে থাকে যুক্তরাষ্ট্রকে।
বিজিএমইএর সভাপতি জানান, এখন পর্যন্ত ২ হাজার ৩২৫টি কারখানা পরিদর্শন শেষ হয়েছে। মাত্র ২৯টি ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ হয়েছে। ফলে পরিদর্শন শেষ হওয়া কারখানার মধ্যে মাত্র ১ দশমিক ২৫ শতাংশ ঝুঁকিপূর্ণ। আর সংস্কারের জন্য প্রতিটি কারখানার ২ কোটি ৯০ লাখ থেকে ৫ কোটি ৬০ লাখ টাকা পর্যন্ত খরচ হবে।
দুপুর সাড়ে ১২টার দিকে রাষ্ট্রদূত বিজিএমইএ ভবনে এলে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয় সংগঠনটি। শুরুতে সভাপতির কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে প্রায় ২০ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন বার্নিকাট। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, রিয়াজ-বিন-মাহমুদ, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সহসভাপতি ফারুক হাসান প্রমুখ।
জানতে চাইলে এই বৈঠকের বিষয়ে আব্দুস সালাম মুর্শেদী বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। জিএসপি ফিরিয়ে দেওয়া কিংবা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা হয়নি। তবে বার্নিকাট মন্তব্য করেছেন, দেশের পরিবেশ শান্তিপূর্ণ থাকলে পোশাকশিল্প আরও ভালো অবস্থানে থাকত।