আর চার দিন পরই সাভারের রানা প্লাজা ধসের দুই বছর পূর্তি। তবে দুর্ঘটনার দুই বছর হতে চললেও শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে একটি সমতাভিত্তিক নীতিমালা দেশে এখনো তৈরি হয়নি। বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে দ্রুত বর্তমান শ্রম আইনের ধারাগুলোর পরিবর্তন করে একটি সমতাভিত্তিক ক্ষতিপূরণব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এক গোলটেবিল বৈঠকে।
‘রানা প্লাজা ধসের ২ বছর—জবাবদিহিতা কই?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান শ্রমিক অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্টজনেরা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শনিবার এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
বৈঠকে বলা হয়, বাংলাদেশের শ্রম আইনের ১৯ ও ১৫০ ধারা মোতাবেক মৃত্যুজনিত ক্ষতিপূরণ হলো ১ লাখ বা ১ লাখ ২৫ হাজার টাকা। এ পর্যন্ত রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বিভিন্ন অঙ্কের যে অর্থ পেয়েছেন, তাঁদের তা দেওয়া হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলার আর্থিক অনুদান হিসেবে। এ রকম অনুদান শ্রমিকদের মধ্যে বিভক্তি-বিভেদ বাড়িয়ে পরনির্ভরশীলতা তৈরি করছে। তাই বর্তমান শ্রম আইনে ক্ষতিপূরণের যে অঙ্ক নির্ধারণ করা হয়েছে, তা বদল করে দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করতে হবে।
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘রানা প্লাজার ঘটনাকে কোনোভাবেই দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা যায় না। এ দুর্ঘটনার পর আমরা সরকার, মালিকপক্ষ তথা বিজিএমইএর বোধোদয়ের আশা করেছিলাম। সরকার যদি মালিকদের নির্লজ্জ প্রতিনিধি হিসেবে কাজ করে, তাহলে ক্ষতিপূরণের আইন পরিবর্তন করেও কোনো কাজ হবে না।’ ক্ষতিপূরণ নীতিমালার পরিবর্তন ও বাস্তবায়নের ধীরগতির জন্য সরকারকে ‘আনউইলিং হর্স’ বা অলস ঘোড়ার সঙ্গে তুলনা করেন আনু মুহাম্মদ।
আনু মুহাম্মদ শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য গঠিত প্রধানমন্ত্রীর তহবিলের ১০৫ কোটি টাকা আটকে যাওয়ার জন্যও সরকারের কঠোর সমালোচনা করেন।
মানবাধিকার সংগঠক হামিদা হোসেন বলেন, বিভিন্ন সময়ে ক্ষতিপূরণ হিসেবে শ্রমিকদের কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা এ বাবদ সংগৃহীত হয়েছে, এগুলোর বিস্তারিত তথ্য নিয়ে একটি সরকারি শ্বেতপত্র প্রকাশ করা যেতে পারে।
সারা হোসেন বলেন, রানা প্লাজাসহ অন্যান্য কারখানায় দুর্ঘটনায় গ্রেপ্তার করা ব্যক্তিদের মামলাগুলো এখনো চলছে। গণমাধ্যমকে মামলাগুলো নিয়ে আরও সজাগ হতে হবে।
বক্তারা বলেন, দেশের শ্রম আইন অনুযায়ী যে মানদণ্ডে ক্ষতিপূরণ নির্ধারিত হয়, তা কোনোভাবেই শ্রমিকস্বার্থের জন্য যথেষ্ট নয়। আইনের দুর্বলতায় আহত, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের একেকভাবে ‘ক্ষতিপূরণের’ নামে অনুদান দেওয়া হচ্ছে, যেখানে কারও জন্য বরাদ্দ ৪ লাখ টাকা, আবার কারও জন্য ৫৩ লাখ টাকা।
গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য দেন ইতিহাসবিদ অধ্যাপক আহমেদ কামাল, শ্রম অধিকারবিষয়ক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ প্রমুখ।