শ্রমিক ঠকাতে নয়া কৌশল তোবার দেলোয়ারের!
পোশাকশ্রমিকদের ঠকাতে নতুন কৌশল নিয়েছেন তোবার মালিক দেলোয়ার হোসেন। চাকরি অবসায়নের ক্ষতিপূরণ না দিয়ে তিনি দিতে চাইছেন ছাঁটাই বেনিফিট। এমনই একটি হিসাব ইতিমধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে জমা দিয়েছেন দেলোয়ার।
জানা যায়, গত ২৬ আগস্ট শ্রম মন্ত্রণালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে তোবার সংকট নিরসনে শ্রমিক, মালিক ও সরকার—ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেলোয়ারকে চার দিনের মধ্যে তোবার পাঁচ কারখানার শ্রমিকদের পাওনার হিসাব মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কীভাবে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে, মালিকপক্ষের ওই প্রতিবেদন পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয় সভায়।
নির্ধারিত সময়ের আট দিন পর গত সোমবার শ্রমিকদের পাওনার একটি হিসাব শ্রম মন্ত্রণালয়ে জমা দেন দেলোয়ার। সেখানে তিনি শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী শ্রমিক ছাঁটাই বেনিফিট দেওয়ার হিসাব দিয়েছেন। সে অনুযায়ী, তোবার পাঁচ কারখানার শ্রমিক-কর্মচারীরা পাবেন মাত্র দুই কোটি ছয় লাখ ৯৮ হাজার টাকা। সর্বশেষ গত জুলাইয়ে তোবার পাঁচ কারখানায় এক হাজার ৪১৭ শ্রমিক-কর্মচারী কর্মরত ছিলেন।
এ বিষয়ে শ্রম বিশেষজ্ঞ সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, শ্রম আইন অনুযায়ী চাকরি অবসায়ন (টারমিনেশন) করলে চার মাসের মজুরি ও প্রতিবছর চাকরির জন্য এক মাসের মজুরি দিতে হবে। আর ছাঁটাই বেনিফিটের ক্ষেত্রে ওই চার মাসের স্থলে দিতে হয় এক মাস। তিনি আরও বলেন, যেহেতু তোবার মালিক কারখানা লে-অফ করেননি, তাই ছাঁটাই বেনিফিট দেওয়ার কোনো সুযোগ নেই।
জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক দেলোয়ারের দেওয়া হিসাবকে ‘চাতুরী’ হিসেবেই উল্লেখ করেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘টাকাপয়সা যাতে কম দেওয়া লাগে সে জন্যই দেলোয়ার এমনটা করেছেন বলে মনে হয়। তবে এই হিসাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পূর্ণাঙ্গ হিসাব দিতেই হবে। আগামী দু-এক দিনের মধ্যেই আমি তাঁকে আবার ডাকব।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারখানা খোলা থাকলে শ্রমিক ছাঁটাইয়ের সুযোগ থাকত, এখন নেই।
এদিকে মন্ত্রণালয়ে শ্রমিকদের পাওনার হিসাব দেওয়া নিয়েও লুকোচুরি করছেন দেলোয়ার। গতকাল দুপুরে তিনি এই প্রতিবেদককে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’ শ্রমিকদের পাওনা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই দিব। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতির জন্য দাবি করা বিমার টাকা পেলেই শ্রমিকদের সমস্ত পাওনা দিয়ে দেওয়া হবে।’
অবশ্য এই বিষয়েও জটিলতা এবং অনিশ্চয়তা আছে। বিমা প্রতিষ্ঠান কর্ণফুলী ইনস্যুরেন্স লিমিটেড তাজরীনের মালিকের (দেলোয়ার) ১৮ কোটি টাকার বিমা দাবি প্রত্যাখ্যান করেছে। যদিও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক ও নৌমন্ত্রী শাজাহান খান এই টাকা আদায়ে দায়িত্ব নিয়েছেন। তবে কর্ণফুলীর ব্যবস্থাপনা পরিচালক হাফিজউল্ল্যাহ প্রথম আলোকে বলেছেন, বিমা দাবির টাকা আইনকানুনের মধ্যে থেকে দিতে হবে। মন্ত্রীরা চাপ দিলেই হবে না।
এ কারণে তোবার শ্রমিকেরা শেষ পর্যন্ত চাকরিচ্যুতির ক্ষতিপূরণ বুঝে পাবেন কি না, সেটি নিশ্চিত নয়। অন্যদিকে অন্য কারখানায় কাজও পাচ্ছেন না তাঁরা। ফলে আগামী মাসের শুরুতে শ্রমিকেরা পরিবার নিয়ে ঈদুল আজহা উদ্যাপন করা নিয়ে আছেন সংশয়। ফলে গত ঈদুল ফিতরের মতো সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রীর বক্তব্য, ‘বিমা দাবির টাকা পেল কি পেল না, তাতে কিছু যায় আসে না। শ্রমিকদের পাওনা তাঁকে দিতেই হবে।’ বর্তমানে যে অবস্থা তাতে আগামী ঈদে জটিলতা সৃষ্টি হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এই আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে এখন উপায় হচ্ছে দেলোয়ারের বিরুদ্ধে মামলা করা। কিন্তু সেটি করলে বিষয়টি আরও দীর্ঘ মেয়াদে ঝুলে যাবে। ফলে শ্রমিকদের স্বার্থেই আমরা টাকা উদ্ধারে চেষ্টা করছি।’
অবশ্য শ্রমিক ঠকাতে দেলোয়ারের এই কৌশল নতুন নয়। পাওনা আদায়ে শ্রমিকেরা অবৈধ ধর্মঘট করেছেন—এমন অজুহাত দেখিয়ে গত ১৮ আগস্ট উত্তর বাড্ডার তোবা গ্রুপের পাঁচ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেন তিনি। তাৎক্ষণিকভাবে এটিকে বেআইনি বলে উল্লেখ করেন শ্রমিকসংগঠনের নেতারা। তাঁদের বক্তব্য, শ্রমিকদের যেন পাওনা দিতে না হয় সে জন্যই ওভাবে কারখানা বন্ধ করেন তোবার মালিক। পরে সরকারের একাধিক মন্ত্রীও দেলোয়ারের এভাবে কারখানা বন্ধকে অবৈধ বলে উল্লেখ করেছেন।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু বলেন, দেলোয়ারের দায়িত্বহীনতার এই চিত্র পুরোনো। তিনি অবৈধভাবে কারখানাগুলো বন্ধ করেছেন। তাই কাজ না করলেও শ্রমিকদের আগস্ট ও চলতি সেপ্টেম্বরের মজুরি দিতে হবে। আর মালিক কারখানা স্থায়ীভাবে বন্ধ করলে চাকরিচ্যুতির ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। এ জন্য সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে তোবার একাধিক শ্রমিক জানান, অধিকাংশ শ্রমিকই এখন পর্যন্ত বেকার। আশপাশের কারখানায়ও চাকরি মিলছে না। তোবার নাম শুনলেই মালিকেরা কাজ দিতে চান না। বকেয়া বেতন-ভাতা যা পাওয়া গিয়েছিল, তা অনেক আগেই শেষ। ফলে শ্রমিকেরা দুশ্চিন্তার মধ্যে আছেন।
এক প্রশ্নের জবাবে তোবার শ্রমিক শামীমা আক্তার বলেন, ‘ধারকর্জ করে চলছেন শ্রমিকেরা। তাই ঈদ নিয়ে টেনশন করার সময় নাই। বর্তমান নিয়েই সব চিন্তা।’