শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করা পোশাকশিল্পের বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের রপ্তানি ২০২১ সালে পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন দেশীয় উদ্যোক্তারা। এ ক্ষেত্রে তাঁরা অবকাঠামোর উন্নয়ন, গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা, দক্ষ শ্রমশক্তি গড়া, উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যাংকঋণের সুদহার হ্রাস, বহির্বিশ্বে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করাকেই চ্যালেঞ্জ হিসেবে মনে করেন।
অন্যদিকে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা মনে করেন, শিল্পটিকে এগিয়ে নিতে হলে সবার আগে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না হলে অন্য যা কিছুই করা হোক না কেন, তা ব্যর্থতায় পরিণত হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম। আরও বক্তব্য দেন বিজিএমইএর সাবেক তিন সভাপতি সাংসদ টিপু মুন্সি, আব্দুস সালাম মুর্শেদী ও আনোয়ার উল আলম চৌধুরী; শ্রমিকনেতা ওয়াজেদ-উল ইসলাম খান, নারীনেত্রী ও সাংসদ শিরিন আখতার, অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন, অ্যাকর্ডের নির্বাহী পরিচালক রব ওয়েজ প্রমুখ। ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান এটি সঞ্চালনা করেন।