শ্রমিক নির্যাতন নিয়ে মতভেদ
বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক নির্যাতন হচ্ছে জানিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যান। ওই চিঠিকে একটি রাজনৈতিক চিঠি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের শ্রম বাস্তবতার সঙ্গে কংগ্রেসম্যানদের চিঠির কোনো মিল নেই। আবার শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্যাতনের পুরো চিত্র বাণিজ্যমন্ত্রীই জানেন না।
সচিবালয়ে গতকাল সোমবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে উভয় দেশের ‘বাণিজ্যিক বিষয়াবলি ও বাংলাদেশের পোশাক খাতের রূপান্তর’ নিয়ে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত ড্যান ডব্লিউ মজীনা। বৈঠক শেষে দুজনই আলাদা করে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক নির্যাতন হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যান গত ৩০ জুন একটি চিঠি দেন। এতে পোশাক খাতে শ্রমিক নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ছয় কংগ্রেসম্যানের চিঠিটি রাজনৈতিক চিঠি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) চিঠি হবে প্রকৃত চিঠি। তবে কংগ্রেসম্যানদের চিঠির জবাব তৈরি করছি আমরা।’ ছয় কংগ্রেসম্যানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হবে বলে জানান তোফায়েল আহমেদ।
তবে শ্রমিক নির্যাতন বিষয়ে ছয় কংগ্রেসম্যান বুঝে-শুনেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলে মনে করেন বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার। বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, পোশাক খাতে শ্রমিক নির্যাতনের পুরো চিত্র হয়তো বা বাণিজ্যমন্ত্রীর কাছেই নেই। আর যে কংগ্রেসম্যানদের আমন্ত্রণ জানানোর কথা বলা হচ্ছে, তাদের মধ্যে তিনজন ইতিমধ্যেই বাংলাদেশ ঘুরে গেছেন।
বাণিজ্যমন্ত্রী কথা বলার কয়েক মিনিট আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড্যান মজীনা। শ্রমিক নির্যাতনের বিষয়টিও মন্ত্রীর সঙ্গে আলোচনায় ওঠে আসে বলে জানান তিনি। মজীনা বলেন, ‘অন্যায় শ্রমচর্চা, বিশেষ করে শ্রম কর্মীদের ওপর নিপীড়ন যে গ্রহণযোগ্য নয় এবং এগুলো যে এখনই থামাতে হবে, আলোচনায় সে বিষয়ের ওপরও আমি গুরুত্বারোপ করেছি।’
যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে না দেয় তারা বাজার প্রবেশাধিকার, না দেয় জিএসপি। সামান্য জিএসপি পাওয়া যেত প্লাস্টিক, সিরামিকসহ কয়েকটি পণ্যে। সেটি এখন নেই। অবশ্য কোনো দেশকেই যুক্তরাষ্ট্র এখন জিএসপি দেয় না।
মন্ত্রী বলেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশকে কখনোই শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়নি যুক্তরাষ্ট্র, জিএসপিও দেয়নি। এটা নিয়ে কোনো আলোচনাও করে না তারা।
যুক্তরাষ্ট্র বর্তমানে কোনো দেশকেই জিএসপি দেয় না উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরে জিএসপি বিষয়ে একটি পর্যালোচনা করবে। ইউএসটিআর যে শর্তগুলো দিয়েছিল, সেগুলোর বেশির ভাগই পূরণ হয়েছে। আজ (গতকাল) ইপিজেড আইন সংশোধন করা হয়েছে। এটিও একটি শর্তপূরণ। আশা করছি, আগামী পর্যালোচনায় জিএসপি পাবে বাংলাদেশ।
মন্ত্রী বলেন, বাংলাদেশে এখন শ্রম অসন্তোষ নেই। শ্রমিক-মালিক সুসম্পর্ক রয়েছে। কমপ্লায়েন্ট (নিয়মনীতি মেনে চলা) পোশাক কারখানাগুলোর রপ্তানি বেড়েছে ১৫-২০ শতাংশ। প্রতিটি কারখানার শ্রমিকেরা চান, শ্রমিকেরাই শ্রমিকনেতা হবেন, অন্যরা নন। নেতা নির্বাচিত হবেন শ্রমিকদের ভোটে, অন্য কোনোভাবে নয়।
বিশ্বের শ্রেষ্ঠ ব্র্যান্ড হিসেবে পরিণত হতে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র থাকবে উল্লেখ করে ড্যান মজীনা বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় বাংলাদেশের পোশাক খাতের রূপান্তর। ইউএসটিআর মিশেল ফ্রোম্যানের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে তোফায়েল আহমেদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান মজীনা।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের জন্য প্রদত্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র সরকার। এর জের ধরে বাংলাদেশের জিএসপিভুক্ত পণ্য রপ্তানি কমেছে। ২০১২ সালে জিএসপিভুক্ত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছিল তিন কোটি ৪৬ লাখ ডলার। আর ২০১৩ সালে তা নেমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলারে। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ৩৮ শতাংশ। পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা যায় যে মোট রপ্তানির মাত্র দশমিক ৭১ শতাংশ ছিল জিএসপি সুবিধাভোগী। অবশ্য গত বছর তা আরও কমে হয়েছে দশমিক ৪১ শতাংশ।
বাংলাদেশের যেসব পণ্য যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পাচ্ছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্লাস্টিক, সিরামিক, গলফ খেলার উপকরণ, কার্পেট, চশমা, পতাকা, চুরুট ইত্যাদি।