শ্রমিক-মালিক দুই পক্ষই ছাড় দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে শ্রমিক ও মালিক উভয় পক্ষই নিজেদের আগের অবস্থান থেকে কিছুটা সরে আসতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ফলে নিম্নতম মজুরি বোর্ডের আজ সোমবারের সভায় একটি সিদ্ধান্ত হতে পারে।
মজুরি বোর্ডের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা এমনটাই প্রত্যাশা করছেন। তবে উভয় পক্ষই পৃথকভাবে গতকাল রোববার প্রথম আলোকে বলেছে, যৌক্তিক আলোচনা ও প্রস্তাবেই তারা অগ্রসর হবে, অন্যথায় নয়।
রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আজ নবম সভা অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে সভায় বোর্ডের বাকি পাঁচ সদস্যের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে আজ হরতালে শেষ পর্যন্ত সদস্যরা উপস্থিত হবেন কি না, তা নিয়ে সংশয় আছে। গত ২১ অক্টোবর হরতালের কারণে মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধি সপ্তম সভায় আসেননি।
এদিকে গত বৃহস্পতিবারের অষ্টম সভায় মালিকপক্ষ চার হাজার ২৫০ টাকার নতুন প্রস্তাব দেয়। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ৫০০, বাড়িভাড়া এক হাজার, চিকিৎসা ভাতা ২৫০, খাদ্য ভর্তুকি ৩০০ ও যাতায়াত ভর্তুকি ২০০ টাকা। তবে শ্রমিকপক্ষ এই প্রস্তাবের বিরোধিতা করলে বোর্ডের নিরপেক্ষ সদস্য সমঝোতার জন্য পাঁচ হাজার টাকার বিকল্প প্রস্তাব দেন।
প্রস্তাব নিয়ে আলোচনার সময় মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল বলেন, মালিকেরা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত উঠতে পারবেন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম জানান, শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত জানাবেন। এ জন্য তিনি বোর্ডের কাছে দু-তিন দিন সময় চান। এর আগে তৃতীয় সভায় শ্রমিকপক্ষ আট হাজার ১১৪ টাকা নিম্নতম মজুরি দাবি করে।
যোগাযোগ করলে গতকাল রাতে সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েকটি শ্রমিক সংগঠন ও বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলেছি। এখনো আলোচনা চলছে। ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।’ তবে নিজেদের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা ছাড় দিতে রাজি। সে ক্ষেত্রে বিজিএমইএর খাদ্য ভর্তুকির প্রস্তাবটি বাদ দিতে হবে। মূল মজুরির পাশাপাশি মোট মজুরি বাড়াতে হবে।’
শ্রমিকদের মজুরি নিয়ে গতকাল বিজিএমইএতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সমিতির বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে আরশাদ জামাল বলেন, ‘কালকের (আজ) সভাতেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে চাই। আর অপেক্ষা করতে চাইছি না। এ জন্য শ্রমিকপক্ষ যদি ইতিবাচক মনোভাব দেখায়, তবে আমরাও সমঝোতার জন্য প্রয়োজন হলে কিছুটা এগোতে পারি।’
এদিকে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে নিম্নতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়েছে।