শ্রমিক-মালিকের মধ্যে যোগাযোগের অভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ও মালিকদের মধ্যে যোগাযোগের অভাবে প্রতিষ্ঠানে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে প্রতিনিয়ত বৈঠক এবং মতবিনিময়ের মাধ্যমে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।

শ্রমিক-মালিক সম্পর্ক বিষয়ে মতিঝিলে ঢাকা চেম্বার (ডিসিসিআই) মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেছেন। ডিসিসিআই এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) যৌথভাবে এর আয়োজন করে। ডিসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। সেমিনারের প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, শ্রমিক-মালিকের মধ্যে যোগাযোগ এবং বিশ্বাসের জায়গাটি সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, শিল্প-কারখানায় ট্রেড ইউনিয়নের ব্যবস্থা করা গেলে শ্রমিক ও মালিক দুই পক্ষেরই স্বার্থ সংরক্ষিত হবে। ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান শিল্প-কারখানায় পরিচালিত ট্রেড ইউনিয়নকে রাজনীতির আওতামুক্ত রাখার আহ্বান জানান। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, তৈরি পোশাকসহ অন্যান্য খাতের ঝুঁকিপূর্ণ কারখানাগুলো স্থানান্তরের জন্য সরকারের খাসজমি বরাদ্দ এবং ব্যাংকগুলোকে অবকাঠামো উন্নয়নে ঋণদানে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলুল হক শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা তৈরিতে মালিকপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএইচআরএমের সভাপতি মো. মোশাররফ হোসেন। সেমিনারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ঢাকা কার্যালয়ের পরামর্শক ফ্রান্সিস ডি ভি ডি সিলভা, ডিসিসিআইয়ের সহসভাপতি নেসার মাকসুদ খান, আবসার করিম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।