শ্রমিক সংঘ না হলে মালিকের শাস্তির বিধান রাখা দরকার
মন্ত্রিসভায় অনুমোদন হওয়া শ্রম আইন (সংশোধন) ২০১৩ শ্রমিক ও মালিকপক্ষের জায়গা থেকে নিরপেক্ষ হতে হবে। এখনো এটা নিয়ে সন্দেহ আছে, সরকার আসলে কোন পক্ষের। শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। আবার অনেক কিছু গায়েবিভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে মালিকেরাই লাভবান হবেন।অনুমোদিত আইনটি আরও সংশোধনের লক্ষ্যে আনা বিলের ওপর আয়োজিত গণশুনানিতে উন্নয়ন ও মানবাধিকার সংস্থার প্রতিনিধি, সাংবাদিক নেতা এবং বিশেষজ্ঞরা এমন মতই তুলে ধরেছেন। তাঁরা বলেন, সংশোধনীতে শ্রমিক সংঘ করার বিষয়টি সহজ করা হয়েছে। তবে কোনো কারখানায় সংঘ না হলে মালিকের শাস্তির বিধান রাখা দরকার। তাহলে সংঘ করতে মালিকেরাও উদ্যোগী হবেন।জাতীয় সংসদ ভবনের সংসদ সদস্য ক্লাবে গতকাল রোববার এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গতকালই ছিল শেষ গণশুনানি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আয়োজিত শুনানিটি সঞ্চালনা করেন কমিটির সভাপতি ইসরাফিল আলম। আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য রওশন জাহান সাথী।গণশুনানিতে একাধিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি অভিযোগ করে বলেন, শ্রম আইনের সংশোধনীতে দুটি শ্রমিক গোষ্ঠী, গৃহকর্মী ও ক্ষেতমজুরদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু এসব শ্রমিক অন্তর্ভুক্ত হলে তাঁদের অধিকার ও স্বার্থ সংরক্ষিত হতো। একই সঙ্গে তাঁরা আইনে মাতৃত্বকালীন ছুটি না দিলে মালিককে শাস্তি হিসেবে পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়ার বিধান রাখার সমালোচনা করেন। তাঁরা প্রশ্ন করেন, এখানে কেন না দেওয়ার বিধান রাখা হলো?ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, আইনে অসদাচরণের জন্য মালিক শ্রমিককে বরখাস্ত করতে পারবেন, এমন বিধান রাখা হয়েছে। এ জন্য মালিককে ক্ষতিপূরণও দিতে হবে না। আবার অসদাচরণের সংজ্ঞাও দেওয়া হয়নি।এই ‘অসদাচরণ’ কথাটি এনে আইনের কার্যকারিতা নষ্ট করা হয়েছে বলে দাবি করেন অধ্যাপক আকাশ। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত এটি বহাল থাকলে সরকারের জন্য অপমানজনক হবে। আর আমাদের জন্য হবে দুঃখজনক।’ তিনি আরও বলেন, লভ্যাংশের ৫ শতাংশ কল্যাণ তহবিলে দেওয়ার বিধান রাখা হয়েছে। আবার তা শতভাগ রপ্তানিমুখী শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।এম এম আকাশ বলেন, সর্বশেষ শ্রম আইন মেনে এটি বাস্তবায়ন করা গেলে প্রতিবছর তিন শ কোটি টাকা তহবিলে জমা হতো। এটি করা গেলে সরকার এত দিনে পোশাকশ্রমিকদের জন্য রেশনিং, ডরমিটরি ইত্যাদি চালু করতে পারত। তবে মারপ্যাঁচ করে নতুন পদ্ধতি করা হচ্ছে, তাতে কোনো কাজই হবে না বলে মন্তব্য করেন তিনি। নউকের নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন বলেন, আইন পাসের পর যথাযথ বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ প্রয়োজন। এ ছাড়া আইন সঠিকভাবে পালন হচ্ছে কি না, সেটি তদারকির জন্য একটি কর্তৃপক্ষ গঠন করা দরকার।গতকালের শুনানিতে আরও বক্তব্য দেন আইনজীবী এ কে এম নাসির, অ্যাকশন এইডের এদেশীয় পরিচালক ফারাহ কবীর, পিএসপিসির নির্বাহী পরিচালক মিলন বিকাশ পাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, ব্লাস্টের সহকারী পরিচালক বরকত আলী, সেফটি অ্যান্ড রাইটসের সেকান্দার আলী মিয়া প্রমুখ।ইসরাফিল আলম বলেন, এটি অভ্যন্তরীণ কোনো আইন নয়। আইএলও কনভেনশন, জাতিসংঘ ও আন্তর্জাতিক কিছু আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এটি করা হচ্ছে। তিনি বলেন, গণশুনানি শেষ হলো। এখন মূল কমিটি বসে সব প্রস্তাব যাচাই-বাছাই করে শিগগিরই সংসদে পাঠাবে।